কক্সবাজার থেকে: শুরুতে ম্যাচ বাই ম্যাচ পারফর্ম করে এগিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল অধিনায়ক মুমিনুল হকের। ইমার্জিং টিমস এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিতের পর জানালেন শিরোপা জয়ই তার দলের একমাত্র লক্ষ্য।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামার আগেরদিন ঐচ্ছিক অনুশীলন ছিল দলের। মুমিনুলকে দেখে অবশ্য সিরিয়াসনেসের কোন ঘাটতি চোখে পড়ল না। পরে শিরোপায় চোখ রেখে বললেন, ‘আমাদের একটাই লক্ষ্য, টুর্নামেন্টের শিরোপা জেতা। জানি না আপনারা কী প্রত্যাশা করছেন। আমি মনে করি লক্ষ্য মাঝে মাঝে বড় হওয়া ভাল।’
‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করা অপর দল পাকিস্তান। বৃহস্পতিবার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে শক্তিশালী এই দলের বিপক্ষে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নামবে বাংলাদেশ। গ্রুপ সেরা হয়েই চট্টগ্রামে যেতে চাইছেন মুমিনুলও, ‘গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চট্টগ্রামে যেতে পারলে আমাদের আত্মবিশ্বাস বাড়বে। তাই চাইছি ম্যাচটা জিততে।’
প্রথম দুটি ম্যাচে বাংলাদেশ খেলেছে আইসিসির সহযোগী সদস্য দেশ হংকং ও নেপালের বিপক্ষে। এবার প্রতিপক্ষ পূর্ণ সদস্য দেশ পাকিস্তান। যে দলে রয়েছেন জাতীয় দলের চার ক্রিকেটার। মাঠে নামার আগে প্রতিপক্ষকে সমীহই করছেন বাংলাদেশ অধিনায়ক। জানালেন, পাকিস্তান দলে থাকা জাতীয় দলের ক্রিকেটারদের ঘায়েল করার পরিকল্পনাও এঁটেছে বাংলাদেশ দল।
উদীয়মান ক্রিকেটারদের মঞ্চে বাংলাদেশ দলে পারফর্ম করছেন অভিজ্ঞ ক্রিকেটাররা। মুমিনুলের আশা পরের ম্যাচগুলো থেকে জ্বলে উঠবে তরুণরাও, ‘দলের তরুণরা অত ভালো করতে পারেনি। তাদের অভিজ্ঞতা কম। আমার বিশ্বাস তাড়াতাড়ি তারা বড় ম্যাচ খেলার কৌশল ধরে ফেলবে। ফর্ম ফিরে পাবে। এটা নিয়ে চিন্তা করার কিছু নেই।’
বুধবার ঐচ্ছিক অনুশীলনে নেটে সময় কাটিয়েছেন অধিনায়ক মুমিনুল হক, আজমীর আহমেদ, শফিউল ইসলাম, নাঈম হাসান। তার আগে নির্বাচক-কোচদের সঙ্গে ফুটবল খেলে ওয়ার্মআপ সারেন ক্রিকেটাররা।








