ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও পাহাড়িদের খোঁজখবর নিতে শুক্রবার রাঙ্গামাটি লংগদু যাচ্ছেন বিএনপির একটি প্রতিনিধি দল। দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে এই প্রতিনিধি দলের থাকবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবে রহমান শামীমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাঙ্গামাটির লংগদুতে ক্ষতিগ্রস্ত পাহাড়িদের খোঁজখবর নিতে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেখানে যাবেন।
সকালে সেখানে পৌঁছে তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে এবং ক্ষতিগ্রস্ত লোকজনের খোঁজখবর নেবেন। এরপর সার্বিক ব্যাপারে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অবহিত করবেন।







