ক্রিকেট

রোহিত-সরফরাজের ‘ব্লকবাস্টার’ ম্যাচ উপহারের প্রতিশ্রুতি

বুধবার মুখোমুখি ভারত-পাকিস্তান

রোহিত-সরফরাজের ‘ব্লকবাস্টার’ ম্যাচ উপহারের প্রতিশ্রুতি

বিশ্বের যে প্রান্তেই খেলা হোক, ভারত-পাকিস্তান ম্যাচের উত্তাপ থাকে একই রকম। সমর্থকদের মতো উত্তেজনা থাকে দুদলের খেলোয়াড়দের মধ্যেও। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর আরও একটি লড়াই সামনে রেখে দুদলের অধিনায়কই ‘ব্লকবাস্টার’ ম্যাচ উপহার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

বুধবার এশিয়া কাপের পঞ্চম ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায়। সেই ম্যাচে দুবাইয়ের স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ থাকবে বলেই বিশ্বাস দুদলসহ টুর্নামেন্টের আয়োজকদের।

গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর এই প্রথম একে অপরের বিপক্ষে মাঠে নামছে ভারত ও পাকিস্তান। লন্ডনের ওভালে সেই ফাইনালে বিরাট কোহলির দলকে ১৮০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সরফরাজ আহমেদের দল।

তারচেয়ে বড় কথা ১৯৮৪-২০০০ পর্যন্ত আরব আমিরাতে নিয়মিত সিরিজ খেলতো ভারত-পাকিস্তান। কিন্তু কয়েক বছর অনিয়মিত হওয়ার পর ২০০৬ থেকে আর সেটা হয়নি। এরমানে ঠিক এক যুগ পর মরুরবুকে ফিরছে আবেগ-উত্তেজনায় বিশ্ব ক্রিকেটের উপরের দিকে থাকা হাইভোল্টেজ এক ম্যাচ।

ভারতের বিপক্ষে মাঠে নামার আগে অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফির স্মৃতি মাথাতেই রাখতে চান না পাকিস্তান অধিনায়ক সরফরাজ। আমির শাহিতে তার দল যে বেশি সুবিধা পাবে সেটা মানতেও নারাজ তিনি, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির জয়ের কথাটা আমরা মাথায় রাখতে চাই না। আলাদা পরিবেশে সেখানে(লন্ডন) কন্ডিশনটাও ছিল ভিন্ন। এক বছর পর সেটা এখন ইতিহাস। আমরা এখন নতুন কৌশল আর নতুন চাহিদা নিয়ে মাঠে নামব।’

নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে বড় ব্যবধানে জিতেছে পাকিস্তান। গ্রুপপর্বের প্রথম ম্যাচে সেই হংকংয়ের বিরুদ্ধে মঙ্গলবার খেলবে ভারতও।

বিশ্রাম দেয়ায় এশিয়া কাপে নিয়মিত অধিনায়ক বিরাট কোহলিকে পাচ্ছে না ভারত। দলের নেতৃত্বে থাকবেন রোহিত শর্মা। অনেকে বলছেন, কোহলির অভাব বড় করে অনুভব করবে ভারতীয় দল।

তবে সেটি মানতে নারাজ পাকিস্তান অধিনায়ক। সরফরাজ বলেন, ‘তিনি(কোহলি) যে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি মনে করি, তাকে ছাড়াও ভারত অনেক ভালো দল। তাদের যেসব খেলোয়াড় আছেন তারা সবাই ভালো এবং ভারতে ভালো ক্রিকেট খেলেছেন। সুতরাং আমি মনে করি না, কোহলির না থাকা পার্থক্য তৈরি করবে। তাদের ব্যাটিং লাইনআপ খুবই শক্তিশালী। অতএব, দুদলের একটা ‘ব্লকবাস্টার’ ম্যাচই হতে যাচ্ছে।’

সব ম্যাচের আগেই চাপ থাকে। ভারত-পাকিস্তান ম্যাচ হলে সেই চাপের পরিমাণ আরো বেশি থাকে বলেই সবার ধারণা। তবে চাপ না নিয়ে সতীর্থদের বরং ম্যাচটা উপভোগ করার পরামর্শ দিয়েছেন সরফরাজ, ‘সতীর্থদের জন্য আমার বার্তা হল, ম্যাচের ফলাফল নিয়ে মাথা ঘামিও না, নিজের সেরাটা দেয়ার চেষ্টা করো তাহলেই সব ম্যাচে ইতিবাচক ফল পাবে। কারণ অন্য পাঁচটা দল খুব ভালো।’

১৯৮৪ থেকে শুরু হওয়া এশিয়া কাপে সর্বোচ্চ ছয়বার চ্যাম্পিয়ন ভারত। পাঁচ শিরোপা নিয়ে দুই নম্বরে শ্রীলঙ্কা। যদিও বাংলাদেশ-আফগানিস্তানের কাছে প্রথম দুই ম্যাচ হেরে এরইমধ্যে বিদায় নিয়েছে লঙ্কানরা। ভারত-শ্রীলঙ্কার তুলনায় অনেক কমবারই শিরোপা জিতেছে পাকিস্তান। তাদের শিরোপা সংখ্যা মাত্র দুই।

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ হলেও ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার চোখ পাকিস্তানকে ছাড়িয়ে, ‘পাকিস্তানের বিপক্ষে খেলা সবসময়ই উত্তেজনাকর। আশা করি, এবারও উত্তেজনাকর ম্যাচই হবে। কিন্তু তারাই একমাত্র দল না, যারা শিরোপার দাবিদার। অন্য দলগুলোও শিরোপায় চোখ রাখছে।’

আরব আমিরাতে পা রেখেই সেদেশের প্রচণ্ড তাপে প্রায় কাবু সব দল। সেখানে প্রতিদিনই তাপমাত্রা ৪০-৪২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। সামনের দিনগুলোতে তাপের মাত্রা আরও বাড়বে বলেই ইঙ্গিত দিয়েছে আমিরাতের আবহাওয়া বিভাগ।

তবে রোহিত শর্মা বলেছেন, তার দল হংকংয়ের বিপক্ষে ম্যাচে নিজেদের অবস্থার মূল্যায়ন করার সুযোগ পাবেন।

ভারত অধিনায়ক বলেছেন, ‘আগে প্রথম ম্যাচটা শেষ করি। তারপর পাকিস্তানের দিকে নজর দেব। তাদের শক্তি এবং দুর্বলতা কি সেটা দেখব। যদি পিচের দিকে তাকাই, তাহলে বলব আমাদের জন্য পারফেক্ট কন্ডিশন এবং ছেলেরা ভালোই করবে।’

দুই মাসেরও বেশি সময় ইংল্যান্ড সফরে ছিল ভারতীয় দল। আরব আমিরাতের সঙ্গে যে দেশের আবহাওয়ার পার্থক্য প্রায় উল্টো।

তবে রোহিত বলছেন, ‘ইংল্যান্ড সিরিজের খুব কম খেলোয়াড়ই এশিয়া কাপের দলে আছেন। ফলে বাকি সবাই তো আমরা আগে আগেই এখানে(আমিরাত) এসেছি। তাই এটা বলতে পারি, আমরা কন্ডিশনের সঙ্গে বেশ ভালোভাবেই মানিয়ে নিতে পেরেছি। তার চেয়ে বড় কথা, এটা খেলার সময়, তাই কন্ডিশনের চেয়ে খেলার দিকেই আমাদের বেশি ফোকাস রাখতে হবে।’

বিষয়:এশিয়া কাপ-২০১৮ ভারত-পাকিস্তান ম্যাচ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…