মিয়ানমারে জাতিগত নিধনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের স্থায়ীভাবে আশ্রয় দেয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব শহিদুল হক।
ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাতকারে তিনি একথা বলেন।
গত বছরের আগস্ট থেকে মিয়ানমার সেনাবাহিনী ও তাদের স্থানীয় দোসরদের নিপীড়নের মুখে বাংলাদেশে পালিয়ে আসে সাত লাখ রোহিঙ্গা। সম্প্রতি জাতিসংঘ জানিয়েছে, বাংলাদেশে অবস্থান করা রোহিঙ্গাদের সংখ্যা দশ লাখের বেশি। তবে বাংলাদেশ সরকারের হিসাব অনুযায়ী, রোহিঙ্গাদের সংখ্যা ১১ লাখের বেশি।
ভিয়েতনামের অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে শহিদুল হক বলেন, রোহিঙ্গারা মিয়ানমারের বাসিন্দা।আমরা তাদের স্থায়ীভাবে আশ্রয় দেয়ার কথা ভাবছি না।
মানবিক এই সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যান্য দেশ কিংবা মিয়ানমার তাদের না নেয়া পর্যন্ত রোহিঙ্গা শিবিরেই থাকতে হবে তাদের।
গত বছর নভেম্বরে বাংলাদেশ ও মিয়ানমার প্রত্যাবাসন চুক্তিতে রাজি হলেও এখনও কোনো রোহিঙ্গাকে ফিরিয়ে নেয়া হয়নি।
শহীদুল হক বলেন, কয়েক মাসের মধ্যেই রোহিঙ্গাদের কক্সবাজার ক্যাম্প থেকে অস্থায়ীভাবে ভাসানচরে নিয়ে যাওয়া হবে।








