বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, উচ্চ আদালতের ওপর আস্থা রাখছেন বেগম খালেদা জিয়া। রোববার জামিন পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী। তিনিও আত্মবিশ্বাসী যে, উচ্চ আদালত ন্যায়বিচার করবেন।
বৃহস্পতিবার বিকেলে কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত শেষে কারাফটকে এসব কথা বলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
এর আগে খালেদা জিয়ার সঙ্গে তার পাঁচ অাইনজীবী কারাগারে এক ঘণ্টা ৫ মিনিট আলাপ করেন। শুধু মামলা সংক্রান্ত বিষয়েই তারা কথা বলেছেন বলে জানান আইনজীবীরা।
জয়নুল আবেদীন বলেন: কোন অপরাধ না করে বেগম খালেদা জিয়াকে আজ কারাগারে থাকতে হচ্ছে। আশা করছি রোববার তিনি জামিন পাবেন।
ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করা আইনজীবীরা হলেন- অ্যাডভোকেট অাব্দুর রেজ্জাক খান, জয়নুল অাবেদীন, মাহবুবউদ্দিন খোকন, এ জে মোহম্মদ অালী এবং সানাউল্লাহ মিয়া।







