অতিরিক্ত সময়ের একমাত্র গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে ইউরো নেশন্স ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।
তার আগে আত্মঘাতী গোলে নর্দার্ন আয়ারল্যান্ডকে বিদায় করে শেষ আটে জায়গা করেছে গ্যারেথ বেলের ওয়েলসও।
আর টাইব্রেকারে সুইজারল্যান্ডকে হারিয়ে সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পোল্যান্ড।
ক্রোয়েশিয়া-পর্তুগাল ম্যাচের ১১৬ মিনিট কেটেছে গোলের অপেক্ষায়। অ্যাটাক-কাউন্টার অ্যাটাক সবই হয়েছে মাঠে শুধু গোল নেই।
৯০ মিনিটের পর অতিরিক্ত আধাঘণ্টাও যখন পেরিয়ে যাচ্ছিলো। সবার অপেক্ষা টাইব্রেকারের, ঠিক তখনই বদলি মিডফিল্ডার রিকোর্ডো কোয়ারেসমা উদ্ধার করলেন পর্তুগীজদের।
ওই গোলেই ক্রোয়েশিয়ার বিদায়। আর ইউরোর কোয়ার্টার ফাইনালের টিকিট পাওয়ায় উৎসবে মেতে উঠে ক্রিশ্চিয়ানো রোনালদোর টিম পর্তুগাল।
সিআর সেভেনের আগেই শেষ আটে পৌঁছে তার রিয়াল মাদ্রিদের টিম মেট গ্যারেথ বেলের ওয়েলসও। যদিও আত্মঘাতী এক গোলে কোয়ার্টারটা নিশ্চিত হয়েছে, তবে গোলে কিন্তু কিকটা মেরেছিলেন সেই বেলই।

প্রথমবার ইউরো নেশন্সে খেলতে এসেই কোয়র্টার ফাইনালে ওয়েলস। সেলিব্রেশন করতে করতে তিন বছরের মেয়ে আলবা ভায়োলেট বেলকে নিয়ে মাঠেই নেমে পড়লেন রিয়াল মাদ্রিদ স্টার।
ওয়েলস নিয়ে আর দূর যাওয়ার কথা বলতে গিয়ে আবেগপ্রবণও হয়ে গিয়েছিলেন ‘আনস্টপেবল’ গ্যারেথ বেল।
ওয়েলস-পর্তুগালের আগেই ইউরোর শেষ আটের বুকিং দেয় পোল্যান্ড। দিনের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে আগে গোল করে এগিয়েই ছিলো পোলিশরা।

তবে ৮২ মিনিটে জারদান শাকিরির অসাধারণ ‘বাইসাইকেল’ গোলে খেলায় ফিরেছিলো সুইসরাও।
শাকিরির ওই গোলকে বলা হচ্ছে গোল অফ দ্য টুর্নামেন্ট এবং ইউরোর সেরা গোলগুলির অন্যতম। ৮২-র আসরে ডাচ তারকা ভ্যান বাস্তেনেরও একই রকম গোলের রেকর্ড ছিল।
তবে শেষটা শাকিরির পক্ষে যায়নি। টাইব্রেকারে ৫-৪ গোলে হেরে বিদায় হয়ে গেছে সুইসরা। কোয়ার্টার ফাইনালে উঠে গেছে ‘দ্য হোয়াইট ইগলস’ পোল্যান্ড।







