রিয়াল মাদ্রিদের নতুন কোচ জিনেদিন জিদান দায়িত্ব নেওয়ার একদিন পরেই অনুশীলনে মাঠে নেমেছেন খেলোয়াড়দের নিয়ে।
মাদ্রিদের ট্রেনিং গ্রাউন্ড ভালদেবেবাসে ছয় হাজার দর্শকের করতালিতে মাঠে ঢুকেন জিদান। অনুশীলনে খেলোয়াড়দের সঙ্গে ব্যস্ত সময় পার করতে দেখা যায় তাকে।
খেলোয়াড়দের সঙ্গে টেকনিক্যাল বিষয় নিয়েও তিনি মাঠে আলোচনা করেন।
অনুশীলন শেষে প্রেস কনফারেন্সে সাংবাদিকদের নানা প্রশ্নের মুখোমুখি হতে হয় ১৯৯৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা জিদানকে।
জিদান গার্দিওলা হতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে, সোজা-সাপটা উত্তর দিয়েছেন তিনি। বলেছেন, আমার সঙ্গে গার্দিওলাকে তুলনা করার কোন মানে হয় না। গার্দিওলার তুলনা সে নিজেই। কোচ হিসেবে গার্দিওলার সাফল্য ঈর্ষণীয়। আমার কোচ হিসেবে কোন অর্জন নেই। আমি আমার সেরাটা মাদ্রিদে দিব।
‘খেলোয়াড় থাকার সময় আমি কখনো নিজের সঙ্গে অন্য কাউকে তুলনা করিনি, কোচ হিসেবেও করব না।’
মাদ্রিদের বিবিসি (বেল, বেনজেমা, ক্রিস্টিয়ানো রোনালদো) ত্রয়ীকে কিভাবে খেলাবেন? এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ৪৩ বয়সী জিদান বলেন, মাদ্রিদের বিবিসি অত্যন্ত মেধাবী। তাদেরকে নিয়ে ভালো কিছু করার ইচ্ছা আছে।
‘ক্রিস্টিয়ানো রোনালদোর ফুটবল মেধা নিয়ে কিছু বলতে চাই না, এটা সবারই জানা,’ উল্লেখ করে ওয়েলস তারকা বেল সম্পর্কে জিদান বলেন, ও বিস্ময়কর খেলোয়াড়, ওর গতি দুরন্ত। আমি তাকে তাকে সব ধরনের সমর্থন যাতে কিভাবে সে আরো ভালো করতে পারে
‘আমি জানি বেনিতেজের বরখাস্তের ব্যাপারে সে খুব দুঃখ পেয়েছে। ওর কাছে বেনিতেজ খুব গুরুত্বপূর্ণ কোচ ছিলো। আমি চেষ্টা করব বেনিতেজের মতোই তাকে সাহায্য করতে।’
ফুটবল দর্শন সম্পর্কে জানতে চাইলে জিদান বলেন, আমার নির্দিষ্ট একটা লক্ষ্য রয়েছে। আমি আমার সবটুকু দিয়েই সেই লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যাব।
‘ভাল ফুটবল খেলাটাই আপাততঃ লক্ষ্য। সেই সঙ্গে ম্যাচ জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী থাকতে হবে। আমার লক্ষ্য থাকবে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো।’
জিদান জানান, বর্তমান দল নিয়ে তিনি খুব খুশী। দলে প্রতিভাবান খেলোয়াড়রা রয়েছে। তবে বিনয়ী জিদান বার বার বলেছেন কোচিং ক্যারিয়ারে তিনি নতুন।
জিদান এর আগে রিয়াল মাদ্রিদ বি দলের উপদেষ্টা পরামর্শক হিসেবে কাজ করেছেন। দলের সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের জন্য রাফায়েল বেনিতেজের জায়গায় তাকে কোচ নিযুক্ত করেন মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।
লা লিগায় আগামী শনিবার ঘরের মাঠ বার্নাব্যুতে দের্পোতিভো লা করুনা সঙ্গে ম্যাচের মধ্য দিয়ে কোচ জিদানের অভিষেক হবে।







