করিম বেনজেমার জোড়া গোলে দুর্দান্ত জয় পেয়েছে রোনালদো বিহীন রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে এইবারকে তাদেরই মাঠে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে জিনেদিন জিদানের শিষ্যরা।
রিয়ালের হয়ে জোড়া গোল করেছেন করিম বেনজেমা, বাকি দুই গোল হামেস রদ্রিগেজ ও মার্কো আসেনসিওর। স্বাগতিকদের হয়ে একটি গোল শোধ করেন রুবেন পেনা জিমেনেজ।
গত কয়েকটি ম্যাচে দলকে খাদের কিনারা থেকে টেনে তুলেছিলেন রোনালদো। সেই পর্তুগিজ তারকার হালকা চোট, গ্যারেথ বেল ও আলভারো মোরাতার নিষেধাজ্ঞায় খানিকটা মাথাব্যথা ছিল জিদানের। তবে কোচকে বেশিক্ষণ চিন্তার মধ্যে রাখেননি রিয়ালের খেলোয়াড়রা। অতিথিদের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল দলটি।
ম্যাচের ১৪ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন বেনজেমা। বামপ্রান্ত থেকে মার্কো আসেনসিও’র অসাধারণ ক্রসে বল পেয়ে গোলে শট নিয়েছিলেন বেনজেমা, প্রথম দফা গোলরক্ষক সেটি ফিরিয়ে দিলেও ফিরতি শটে এইবারের জাল খুঁজে নেন ফরাসি স্ট্রাইকার।
ম্যাচের ২৫ মিনিটে আবারো বেনজেমা ঝলক। রদ্রিগেজের নেওয়া ফ্রি-কিকে বল পেয়ে আলতো ছোঁয়ায় সহজেই গোল করেন বেনজেমা। এর চার মিনিট পর কলম্বিয়ান প্লে-মেকার রদ্রিগেজকে দিয়ে গোল করান তিনি। বেনজেমার চমৎকার পাস থেকেই জালে বল জড়ান রদ্রিগেজ। এতে অনেকটা স্বস্তিতে থেকেই বিরতিতে যায় রিয়াল।
দ্বিতীয়ার্ধে আরো বেশি আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকেন বেনজেমা-রদ্রিগেজরা। ম্যাচের ৬০ মিনিটে রদ্রিগেজের বাড়ানো বল থেকে আরেকদফা গোল ব্যবধান বাড়ান আসেনসিও। পরে ৭২ মিনিটে রুবেন পেনা এইবারের পক্ষে সান্ত্বনাসূচক গোলটি করলেও তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে সমস্যা হয়নি রিয়ালের।
এই জয়ে বার্সেলোনার কাছে হারানো শীর্ষস্থান আবারো ফিরে পেল রিয়াল। ২৫ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে লা লিগায় আবারো এক নম্বর আসন দখল করেছে জিদানের শিষ্যরা। তবে রাতেই সেল্টা ভিগোর বিপক্ষে নামছে বার্সা। শীর্ষে ফেরার সুযোগ থাকছে লুইস এনরিকের শিষ্যদেরও।








