নতুন চ্যালেঞ্জ জিততে রিয়াল মাদ্রিদ ছেড়েছেন; জুভেন্টাসে আসার পেছনে এই ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর যুক্তি। সবাই মোটামুটি যুক্তিটি মেনে নিলেও জ্লাতান ইব্রাহিমোভিচ মানছেন না। সুইডেনের সাবেক এ ফরোয়ার্ডের দাবি সত্যিকারের চ্যালেঞ্জ জিততে হলে কঠিন কিছু করে দেখাতে হবে সিআর সেভেনকে!
রিয়ালের হয়ে নয় মৌসুম খেলেছেন রোনালদো। দলটির হয়ে লিগ শিরোপার চেয়ে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয়ের রেকর্ডই বেশি পর্তুগিজ মহাতারকার। লস ব্লাঙ্কোসদের জার্সিতে টানা তিন শিরোপাসহ মোট চারবার ইউরোপ জয় করেছেন ৩৩ বছর বয়সী রোনালদো।
স্পেনে নতুন আর কিছু করার নেই। তাই ইতালিতে এসেছেন। তুরিনে পা দিয়ে বলেছেন জুভেন্টাসকে আবারও ইউরোপ সেরা করতে চান। ১৯৯৫-৯৬ মৌসুমের পর চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়নি জুভদের। সেই গৌরব ফিরিয়ে আনাই নতুন চ্যালেঞ্জ মানছেন সিআর সেভেন।
রোনালদো যেটা চ্যালেঞ্জ মানছেন, সেটাকে নিতান্তই শিশুতোষ বলছেন ইব্রাহিমোভিচ। টানা সাতবার স্কুডেট্টো জিতে শিরোপাটিকে একপ্রকার নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলা জুভদেরকে অন্যকোন শিরোপা জেতানো কোনো চ্যালেঞ্জের মধ্যে পড়ে না দাবি এসি মিলান, বার্সা, জুভেন্টাসের হয়ে খেলা এই ফরোয়ার্ডের। পারলে রোনালদোকে আরও কঠিন কিছু করে দেখাতে বলছেন ইব্রা।
‘ক্রিস্টিয়ানো এমন এক ক্লাবের হয়ে চ্যালেঞ্জের কথা বলছে, যাদের কাছে সিরি আ জেতা পানিভাত। সে পারলে কোনো দ্বিতীয় বিভাগের দলকে চ্যাম্পিয়ন বানিয়ে দেখাক। তাদের শীর্ষে এনে দেখাক। জুভেন্টাসে পাড়ি জমানো কোনো চ্যালেঞ্জের মধ্যে পড়ে না।’








