ক্রিস্টিয়ানো রোনালদোর অসাধারণ নৈপুণ্যে ৩-৩ গোলে হাঙ্গেরির সঙ্গে ড্র করে শেষ ষোলো নিশ্চিত করেছে পর্তুগাল।
দলের হয়ে রোনালদো করেন দুই গোল। অপরদিকে হাঙ্গেরি হেরেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউট পর্বের টিকিট পেয়েছে।
লিঁওতে বুধবার রাতে গোল ব্যবধানে তিন পিছিয়ে পড়ে পর্তুগাল। ম্যাচের ১৯ মিনিটে পতুগিজদের স্তব্ধ করে এগিয়ে যায় হাঙ্গেরি। বক্সের সীমানা থেকে দারুণ এক শটে গোল করে হাঙ্গেরিকে এগিয়ে দেন জলতান গেরা। 
গোল শোধে মরিয়ে হয়ে উঠেন রোনালদো-নানিরা। ৩৯ মিনিটে গোলও করে বসেন মৌটিনহো। তবে অফসাইডের খাড়ায় সেটি বাতিল হয়ে যায়।
ম্যাচের ৪২ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর অসাধারণ পাসে নানির গোলে সমতায় ফেরে পর্তুগাল।
দ্বিতীয়ার্ধে ৪৭ মিনিটে আবারো এগিয়ে যায় হাঙ্গেরি। বালাস জুজাকের ফ্রি-কিক পর্তুগিজ মিডফিল্ডার আন্দ্রে গোমেসের গায়ে লেগে দিক পাল্টে বল জালে জড়ায়।
গোল হজম করে বসে থাকতে হয়নি পর্তুগালকে। তিন মিনিট পরেই জোয়াও মারিওর পাস থেকে গোল করে দলকে সমতায় ফেরান রোনালদো। 
দীর্ঘ তিন ম্যাচ পর গোলের দেখা পেলেন তিনি। একইসঙ্গে ইউরোর ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে টানা চারটি টুর্নামেন্টে গোল করার কৃতিত্ব দেখালেন সিআর সেভেন।
তবে পাওয়ার ফুটবলের প্রদর্শনীর এ রাতে ম্যাচের ৫৫ মিনিটে আবারো গ্যালারি স্তব্ধ করে হাঙ্গেরিকে এগিয়ে দেন বালাস জুজাক। তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি হাঙ্গেরি।
৬২ মিনিটে আবারও রোনালদোর নৈপুণ্যে সমতায় ফেরে পর্তুগাল। বদলি নামা মিডফিল্ডার রিকার্ডো কারেসমোর উঁচু করে বাড়ানো বলে হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন রিয়াল তারকা।
ম্যাচের বাকি সময়ে আক্রমণ আর পাল্টা আক্রমণে খেলা চললেও কোনো দলই আর গোলের দেখা পায়নি।






