বিতর্কিত ইসলামিক বক্তা জাকির নায়েকের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারির জন্য ভারতের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ’র অনুরোধ ফিরিয়ে দিয়েছে অপরাধ নিয়ন্ত্রণ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল। এ ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন জাকির নায়েক।
ইন্ডিয়া টুডে’কে দেয়া এক ভিডিও সাক্ষাৎকারে এই বক্তা বলেন, ‘ইন্টারপোল আমার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারির আবেদন খারিজ করেছে জেনে আমি স্বস্তিবোধ করছি। তবে আমি আরও বেশি স্বস্তি পাবো যদি আমার দেশের সরকার এবং গোয়েন্দা সংস্থাগুলো আমাকে সব ভুয়া অভিযোগ থেকে মুক্তি দেয়।’
জাকির নায়েকের ঘনিষ্ঠজনদের কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে সিয়াসাত ডেইলি জানায়, ইন্টারপোলের পক্ষ থেকে শনিবারই জাকিরের আইনজীবীর কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে জানানো হয়, যথেষ্ট প্রমাণের অভাবে তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করার জন্য এনআইএ’র পক্ষ থেকে করা আবেদন বাতিল করা হয়েছে।
ইন্টারপোলের পক্ষ থেকে জানানো হয়, ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো রেড কর্নারের আবেদন জানানোর সময় জাকির নায়েকের বিরুদ্ধে কোনো চার্জশিট দায়ের করা হয়নি।
তবে এর জবাবে এনআইএ জানিয়েছে, এটা পুরোপুরিই একটি ‘টেকনিক্যাল’ বিষয়। কেননা আবেদন জানানোর পর চলতি বছরের ২৬ অক্টোবর চার্জশিট দায়ের করা হয়েছিল, যদিও ইন্টারপোল সেটা আমলে নেয়নি।
তবে আবারও নতুন করে রেড কর্নার নোটিশ জারির আবেদন করা হবে বলে জানিয়েছে এনআইএ। এবারের আবেদনের সঙ্গে মুম্বাইয়ে বিশেষ এনআইএ আদালতে দায়ের সেই চার্জশিটের কপিও জমা দেয়া হবে।
আনল’ফুল অ্যাক্টিভিটিজ (প্রিভেনশন) অ্যাক্ট-এর অধীনে জাকির নায়েকের বিরুদ্ধে এই অভিযোগপত্র দায়ের করে এনআইএ। সেখানে বলা হয়, ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) নামের একটি ‘বেআইনি সংস্থা’ পরিচালনার মাধ্যমে তিনি তরুণ সমাজকে সন্ত্রাসী কর্মকাণ্ডে যোগদানে উস্কানি দিচ্ছেন।








