কলম্বো টেস্টেই ছুঁয়ে ফেলেছিলেন রাহুল দ্রাবিড়ের রেকর্ড। শনিবার ক্যান্ডি টেস্টে ভারতীয় কিংবদন্তিকে ছাড়িয়েই গেলেন ‘জুনিয়র রাহুল’। টানা সাত টেস্ট ইনিংসে অর্ধশতক হাঁকানোর রেকর্ড গড়ে অভিজাত ক্লাবের ছোট্ট তালিকায় নাম লিখিয়েছেন ভারতীয় ব্যাটসম্যান লোকেশ রাহুল।
রাহুলের আগে কেবলমাত্র পাঁচ ব্যাটসম্যান গড়তে পেরেছেন অসাধারণ এই কীর্তি। ওয়েস্ট ইন্ডিজের দুই কিংবদন্তি- স্যার এভারটন উইকস ও শিবনারায়ণ চন্দরপল, জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার, শ্রীলঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা ও অস্ট্রেলিয়ান ক্রিস রজার্সের পর প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এই অভিজাত ক্লাবে জায়গা পেলেন রাহুল।
২৫ বছর বয়সী ভারতীয় এই উদ্বোধনীর সামনে এখন সুযোগ থাকছে প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা আট অর্ধশতকের রেকর্ড গড়ার।
রাহুলের দিনে ক্যান্ডি টেস্টে হাসছে ভারতও। আরেক উদ্বোধন সঙ্গী শেখর ধাওয়ানকে নিয়ে দলকে এনে দিয়েছেন দেড়শ পেরোনো ওপেনিং সংগ্রহ।







