মূল খেলোয়াড়দের বসিয়ে রেখেই ব্যর্থতার দেখা পেল ইংল্যান্ড। পুরো ম্যাচে ৩০টি শট, ২৭টি সুযোগ সৃষ্টির পরেও তাদের স্লোভাকিয়ার সঙ্গে গোল শূন্য ড্র করেই মাঠ ছাড়তে হয়েছে। আর তাদের একাই রুখে দিয়েছে স্লোভাকিয়া গোলরক্ষক মাতিউস কোজাচিক।
এ ড্রয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে থেকে নক আউট পর্ব নিশ্চিত করেছে ইংলিশরা। প্রথম দুই ম্যাচে নকআউট পর্ব নিশ্চিত না হলেও একটি করে জয় ও ড্রয়ে শেষ ষোলোর পথে অনেকটাই এগিয়ে যায় ইংল্যান্ড। সে আত্মবিশ্বাস থেকেই হয়তো স্লোভাকিয়ার বিপক্ষে অধিনায়ক ওয়েইন রুনিসহ নিয়মিত একাদশের ছয় জনকে ছাড়াই খেলতে নামে হজসনের দল।

ম্যাচের ৯ মিনিটে ভার্ডিকে নিরাশ করেন কোজাচিক। খেলার ১৫ মিনিটে ফের গোলের সুযোগ পান ভার্ডি। গোলবারের নিচে কোজাচিককে একা পেয়েছিলেন তিনি। শটও নিয়েছিলেন। কিন্তু কোজাচিক দারুণ দক্ষতায় বাম পা দিয়ে স্লোভাকিয়াকে বাঁচিয়ে দেন। ৩৪ মিনিটে ফের গোলমুখে শট নিয়েছিলেন অ্যাডাম তাকেও নিরাশ করেন স্লোভাক গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধের শুরুতেই উল্টো গোল খেতে গিয়ে বেঁচে যায় ইংলিশরা। ম্যাচে গোলমুখ খোলার জন্যই ৫৭ মিনিটে বদলী হিসেবে মাঠে নামেন ওয়েইন রুনি।
প্রতিপক্ষের রক্ষণে একটানা আক্রমণ অব্যাহত রাখলেও ইংলিশদের অধিকাংশ আক্রমণই স্লোভাকিয়ার জমাট রক্ষণে ব্যর্থ হয়ে যায়।
৬১ শতাংশ বল নিজেদের দখলে রেখেও গোল শূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে রয় হজসনের শিষ্যরা।







