রুনি এখন এভারটনের। এভারটন এখন রুনির। তারচেয়ে বড় কথা রুনি এখন রুনিতে ফিরছেন। প্রিমিয়ার লিগের ব্যাক-টু-ব্যাক ম্যাচে গোল করে সে বার্তাই দিলেন। ধারণা করা হচ্ছে ফিরতে পারেন জাতীয় দলেও।
সোমবার রাতে রুনি গোল করেও অবশ্য দলকে জয়ের মুখ দেখাতে পারেননি। কিন্তু ম্যান সিটির বিপক্ষে তার দল যে ১-১ গোলে ড্র করে পয়েন্টে ভাগ বসিয়েছে সেটাও কম কিছু নয়।
ম্যাচের পরতে পরতে ছিল উত্তেজনার রেশ। দুইদলের দুজনকে রেফারি লালকার্ড দেখাতে বাধ্য হয়েছেন। প্রথমার্ধের ৪৪ মিনিটে দশজনের দলে পরিণত হয় ম্যানসিটি। ওয়ালকার লালকার্ড দেখে মাঠ ছাড়েন।
৮২ মিনিট পর্যন্ত রুনির গোলে এগিয়ে ছিল এভারটন। এই সময় গোল করে ম্যান সিটিকে সমতায় ফেরান স্টারলিং। ছয় মিনিট বাদে এভারটনের সানেইদেরলিকে লাল-কার্ড দেখে মাঠ ছাড়তে হয়। খেলা শেষ হয় ১-১ সমতায়।







