নামে-ভারে শক্তিশালী দলের তকমা থাকলেও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ইংলিশদের খেলায় ছিল না তেমন সুর-তাল, ছন্দ। শিরোপার দৌড়ে খানিকটা পিছিয়ে ছিল থ্রি লায়ন্স দল। সেই দলটাই কিনা উঠে গেছে ফাইনালে। টানা দুবার ইউরোপীয় ফুটবলের মর্জাদার আসরের ফাইনালে হ্যারি কেন বাহিনী। অবশ্য আসরে নিজের সেরাটা এখনও দিতে পারেননি ইংলিশ ফরোয়ার্ড। তবে দলের প্রয়োজনে জ্বলে উঠবে বলেই মনে করেন ম্যানচেস্টার ইউনাইটেডের দুই কিংবদন্তি ওয়েন রুনি ও গ্যারি নেভিল।
এবারের ইউরো শুরুর আগে ওয়েন রুনির সঙ্গে আড্ডা দিচ্ছিলেন গ্যারি নেভিল। ওই সময় কেনকে নিয়ে রুনি বলেন, তার চোখে হ্যারি কেন ইংল্যান্ডের সর্বকালের সেরা ফুটবলার। সেই গল্প শুনিয়ে নেভিল বলেন, রুনির সঙ্গে তার দ্বিমত নেই। এবারের ইউরোতে অবশ্য সেরা ছন্দে নেই কেইন। তবু ফাইনালের একাদশে তার কোনো বিকল্প দেখেন না নেভিল।
‘টুর্নামেন্ট শুরু হওয়ার চার-পাঁচ সপ্তাহ আগে ওয়েন রুনির সঙ্গে কথা হয়েছিল আমার। তিনি ওই সময় বলছিলেন, ‘ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় হ্যারি কেন’। এই প্রশংসাটি এমন একজনের কাছ থেকে এসেছে যিনি এত বছর ধরে ইংল্যান্ডকে দেখছে।’
‘আমি তার সঙ্গে দ্বিমত নই। হ্যারি কেন আসলেই অসাধারণ। তিনি যখন টটেনহ্যামে ছিলেন তখন তাকে আমি ‘গোল্ড’ বলে ডাকতাম। কারণ সে কাজের সময় দারুণ ভাবেই জ্বলে উঠবে। দারুণ এক চরিত্র তার।’
জার্মানিতে চলতি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে স্পেন ও ইংল্যান্ড। ৭৪ হাজার দর্শক ধারণক্ষমতার বার্লিন অলিম্পিক স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে মাঠের লড়াই।








