ক্যারিয়ারের নয়টি সোনালী মৌসুম পার করেছেন রিয়াল মাদ্রিদের হয়ে। চারটি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ১৫টি শিরোপা এসেছে এই ক্লাবের হয়েই। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো বলছেন, সেই রিয়ালকে ছেড়ে জুভেন্টাসে পাড়ি দেয়াটা ছিল তার জন্য খুবই সহজ এক সিদ্ধান্ত!
জুভেন্টাস টিভিকে দেয়া সাক্ষাতকারে রোনালদো জানিয়েছেন, ছোটবেলা থেকেই জুভদের বড় ভক্ত তিনি। শৈশবের সেই প্রিয় ক্লাবে আসতে রিয়ালের মত দল ছাড়তে মোটেও ভাবতে হয়নি তাকে।
‘দারুণ এক ক্লাব। যখন ছোট ছিলাম তখন থেকেই এই দলকে দেখেছি আর ভেবেছি আমিও একদিন এই দলে খেলব। আর আমি এখন সেই দারুণ আর বিশ্বের অন্যতম বড় ক্লাবের হয়ে খেলার জন্য প্রস্তুত। আমি দারুণ গর্বিত।’
‘জুভেন্টাস ইতালি তো বটেই, বিশ্বের অন্যতম বড় এবং সেরা এক ক্লাব। সুতরাং দল ছাড়ার সিদ্ধান্তটা খুবই সহজ ছিল।’
গত চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জুভদের বিপক্ষে বাইসাইকেল কিকে দারুণ এক গোল করেছিলেন সিআর সেভেন। সেই গোলের পর তুরিনের দর্শকদের কাছ থেকে পেয়েছিলেন অভাবনীয় শুভেচ্ছা। জুভেন্টাসে আসার পেছনে ক্লাবটির ভক্তদের সেই ভালোবাসাও ভূমিকা রেখেছে বলে মনে করেন রোনালদো।
‘অবিশ্বাস্য। সেই দিনের ঘটনা আমার প্রতিটা দিন মনে পড়ে। আমার জীবনে এমনটা কখনোই ঘটেনি। জুভদের বিপক্ষে তাদের মাঠেই কোয়ার্টারে গোল করবেন আর তারাই আপনাকে দাঁড়িয়ে সম্মান জানাবে, এমন ঘটনা আপনাকে আবেগ-আপ্লুত করবে। এটা এক অবিশ্বাস্য ঘটনা।’









