টানা দ্বিতীয় ম্যাচে জয়ের সুযোগ হাতছাড়া করে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে পারেনি রিয়াল মাদ্রিদ। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে তারা। অন্য ম্যাচে অ্যাটলেটিক বিলবাওয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা।
৭ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে বার্সা শীর্ষে। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় রিয়াল। সেভিয়া তিন নম্বরে, তাদের পয়েন্ট ১৩। ১২ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ নেমে গেছে চার নম্বরে।
অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে রিয়াল দারুণ লড়াই করেছে। বল দখলের দিক থেকে ৬৬ শতাংশ সময় এগিয়ে ছিল তারা। গোলে শট নেয় ১৫টি, যার মধ্যে টার্গেটে ছিল ৬টি।

অন্যদিকে অ্যাটলেটিকো মাদ্রিদ ৩৪ শতাংশ সময় বল দখলে রাখে। তারা গোলে শট নেয় আটটি, টার্গেটে ছিল ৩টি।
বার্সার ম্যাচে প্রথমার্ধে মেসি বেঞ্চে ছিলেন। ৪১তম মিনিটে অস্কার দে মার্কোসের গোলে পিছিয়ে পড়ে তারা। দ্বিতীয়ার্ধে মেসি মাঠে নেমে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল বঞ্চিত হন। ৮৪তম মিনিটে বার্সাকে সমতায় ফেরান মুনির আল হাদ্দাদি। এরপর শত চেষ্টা করেও জয়সূচক গোলটি পাওয়া হয়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।







