চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের কাছে হারের পর আলোচনা উঠেছিল রিয়াল কোচ ও ক্লাবের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। কার্লো আনচেলত্তি যদিও রিয়ালের সাথে কোনো বিভেদের কথা অস্বীকার করছেন। ইতালিয়ান কোচ বলেছেন, মৌসুমের শেষে ক্লাবের সাথে ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন।
অ্যাথলেটিক ক্লাবের সাথে লা লিগা ম্যাচের আগে আনচেলত্তি বলেছেন, ‘খেলোয়াড় এবং ক্লাবের সাথে কথা বলেছি। আমরা সবাই একইরকম চিন্তা করছি, অর্থাৎ আমাদের বাকি শিরোপাগুলোর জন্য লড়াই চালিয়ে যাওয়া।’
‘ক্লাবের সাথে কোনো দ্বন্দ্ব নেই। আমরা সবাই একই নৌকায় আছি। যারা বলে যে ক্লাবের সাথে, অথবা সভাপতি (ফ্লোরেন্তিনো পেরেজের) সাথে সমস্যা আছে, তারা সত্য বলছে না।’
ব্রাজিলের ছেলেদের জাতীয় দলের দায়িত্ব নেয়ার ব্যাপারে দীর্ঘদিন আগ্রহের কেন্দ্রবিন্দুতে আনচেলত্তি। বার্নাব্যুতে ২০২৬ পর্যন্ত চুক্তি রয়েছে তার। স্বীকার করছেন যে, তিনি এবং ক্লাব মৌসুমের শেষে সবকিছু বিচার-বিবেচনা করবেন, যার মধ্যে রিয়ালের দলের গঠনও অন্তর্ভুক্ত থাকবে।
আনচেলত্তি বলেছেন, ‘আমরা এখনও শিরোপার জন্য প্রতিযোগিতা করছি। এক সপ্তাহের মধ্যে আমাদের কোপা ডেল রে ফাইনাল আছে, এবং মৌসুমের শেষে আমাদের প্রথম ক্লাব বিশ্বকাপ আছে। সুতরাং, এখন এমন করা ঠিক হবে না।’
‘যা করতে পারি তা হল খেলোয়াড়দের ধন্যবাদ দিতে পারি। কারণ এখানে উপভোগ করেছি এবং চালিয়ে যেতে চাই। আমরা এখনও ঐক্যবদ্ধ, আমাদের একটি দুর্দান্ত সম্পর্ক রয়েছে।’






