গুলশানের হলি আর্টিজান হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খানকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।
দু দফা রিমান্ড শেষে বিকেলে তাকে ঢাকা সিএমএম আদালতে হাজির করে সিটিটিসি। তবে তাকে নতুন করে রিমান্ডের আবেদন জানানো হয়নি। জামিন আবেদনের শুনানী শেষে তাহমিদকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।
গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ দেশী-বিদেশী ২২ নাগরিক নিহত হন। পরে সেনাবাহিনীর কমান্ডো অভিযানে ৬ জঙ্গি নিহত হয়। অভিযানের পর ওই রেস্টুরেন্ট থেকে ১৩ জিম্মিকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত জিম্মিদের মধ্যে হাসনাত করিম ও তাহমিদের রহস্যজনক আচরণের কারণে তাদের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
গত ৪ আগস্ট হাসনাত করিম ও তাহমিদ হাসিবকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট।
ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে হাজির করে আট দিনের রিমান্ডে নেয় কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
প্রথম দফা রিমান্ড শেষে গত ১৩ আগস্ট দ্বিতীয় দফায় ৬ দিনের রিমান্ডে নেয়া হয়।







