গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মতো আরেকটি ব্যাংক সাইবার আক্রমণের শিকার হয়েছে বলে জানিয়েছিল বিশ্বব্যাপী আর্থিক মেসেজিং নেটওয়ার্ক আন্তর্জাতিক প্রতিষ্ঠান সুইফট। সেসময় ওই ব্যাংকের নাম প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।
তবে ওয়ালষ্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, সেটি তিয়েন ফং ব্যাংক নামে ভিয়েতনামের একটি বাণিজ্যিক ব্যাংক। ভিয়েতনামের কেন্দ্রীয় ব্যাংককে উদ্ধৃত করে এ খবর দিয়েছে ওয়ালষ্ট্রিট জার্নাল।
তিনদিন আগে আরেক প্রতিবেদনে পত্রিকাটি জানায়, গত ফেব্রুয়ারিতে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ থেকে যেভাবে বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি হয়েছিল, ঠিক একই ধরনের আরো একটি সাইবার হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে। সুইফটের মুখপাত্র সর্বশেষ ওই হ্যাকিং ঘটনার কথা জানালেও হামলার শিকার ব্যাংকের নাম ও খোয়া যাওয়া অর্থের পরিমাণ জানাননি।
গত বছরের শেষদিকে তিয়েন ফং ব্যাংকের সুইফট সার্ভার থেকে এক মিলিয়ন ইউরোর বেশি অর্থ স্থানান্তরের ভুয়া আদেশ পাঠানো হয়। পরে দেশটির কেন্দ্রীয় ব্যাংক এটা আটকে দিতে সমর্থ হয় বলে জানায় ওয়ালষ্ট্রিট জার্নাল।
রোববার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনার জন্য সুইফটকে দায়ী করেছে ওই ঘটনা তদন্তে সরকারের গঠন করা কমিটি।
কমিটি বলছে, সুইফটের নেটওয়ার্কে আন্তঃব্যাংক লেনদেনের জন্য নতুন একটি সিস্টেম স্থাপনের সময় যে ত্রুটি হয়েছে তাকে কাজে লাগিয়েই বাংলাদেশ ব্যাংকের একাউন্ট হ্যাক করা হয়েছে।
বিশ্বজুড়ে ১১ হাজার ব্যাংকের আর্থিক লেনদেনের বার্তা আদান-প্রদান করে সুইফট।
গত ৫ ফেব্রুয়ারি ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। এর বড় অংশই চলে গেছে ফিলিপিন্সের বিভিন্ন ক্যাসিনোতে।










