অর্থনীতি

রিজার্ভ চুরি: মামলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক

রিজার্ভ চুরি

হ্যাকিংয়ের মাধ্যমে চুরি যাওয়া বাংলাদেশে ব্যাংকের রিজার্ভের বাকি টাকা উদ্ধারে আগামী তিন মাসের মধ্যে মামলা করার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা করবে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক ও আন্তর্জাতিক লেনদেনের মাধ্যম সুইফট। এরই মধ্যে মামলা করার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার বাংলাদেশ ব্যাকের রিজার্ভ চুরি হওয়া অর্থ উদ্ধারে সর্বশেষ অবস্থা জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান।

এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরামর্শক দেবপ্রসাব দেবনাথ, মহাব্যবস্থাপক জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

কে বাদী হয়ে কবে নাগাদ মামলা করা হবে সাংবাদিকরা জানতে চাইলে আবু হেনা মোহাম্মদ রাজী হাসান এ বিষয়ে জবাব দেওয়ার জন্য আহ্বান জানান রিজার্ভ চুরি-সংক্রান্ত মামলা পরিচালনায় বাংলাদেশ ব্যাংকের নিয়োগকৃত আইনজীবী আজমালুল হোসেন কিউসিকে।

এরপর আজমালুল হোসেন বলেন, ‘আমাদের প্রথম থেকেই অবস্থান ছিলো যে আরসিবিসিই মানি লন্ডারিং করেছে। একটি প্রতিষ্ঠানের কর্মীদের জ্ঞানই করপোরেট জ্ঞান। ৫ ফেব্রুয়ারি (২০১৬) ২৭-২৮টি লেনদেন একদিনেই হয়েছে, যেদিন টাকাটা ওখান গিয়ে পৌঁছায়। এতোবড় অংকের অর্থের লেনদেন সাধারণত সন্দেহজনক হিসেবে রিপোর্ট ও ফ্রিজ (জব্দ) করে রাখতে হয়। সে মোতাবেক আরসিবিসি প্রথম দিন টাকাটা ফ্রিজও করে দিয়েছিল। কিন্তু পরে ১ ঘণ্টারও কম সময়ের মধ্যে তা বিতরণ করে। এ থেকে পরিস্কার ব্যাংকটির ছোটবড় অনেক কর্মকর্তাই এর সঙ্গে জড়িত; মানি লন্ডারিং ওরাই করেছে। সুতরাং আরসিবির বিরুদ্ধে একটি সিভিল মামলা তো করতেই পারি।’

আগামী দুই থেকে তিন মাসের মধ্যে নিউইয়র্কের আদালতে মামলা করার সংকল্প ব্যক্ত করে আজমালুল কিউসি বলেন, ‘আমরা ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক ও সুইফটকে প্রস্তাব দিয়েছি। ওরা রাজি থাকলে আমরা তিন প্রতিষ্ঠান একসঙ্গে আরসিবিসির বিরুদ্ধে মামলা করতে পারি। আর ওরা রাজি না হলে আমরা আরসিবিসিকে বিবাদী করে একাই মামলা করবো। এর মধ্যে আরসিবিসি কোনো প্রস্তাব দেয় কি-না আমরা সে অপেক্ষায় আছি’।

তিনি বলেন, ‘আলোচনার মাধ্যমে টাকা উদ্ধারের চেষ্টা করা হয়েছিলো। তা হয়ে উঠেনি। অন্যদিকে যেহেতু মামলা করার সময় পার হয়ে যাচ্ছে তাই এর আগেই ব্যবস্থা নিতে হবে। কারণ নিউইয়র্কের আদালতের নিয়ম অনুযায়ী কোনো ঘটনা ঘটার তিন বছরের মধ্যে মামলা করতে হয়। রির্জাভ চুরির ঘটনা দুই বছর পার হয়েছে।’

রিজার্ভ চুরির বিষয়ে সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের তদন্ত প্রতিবেদন আদালতে গ্রহণযোগ্য দলিল (এডমিসাবল এভিডেন্স) নয় উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের কাছে এখন কিছু এডমিসাবল এভিডেন্স এসেছে, তা নিয়েই আমরা মামলা করব।’

এক প্রশ্নের জবাবে ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান বলেন, আরসিবিসির বিরুদ্ধে স্টোলেন অ্যাসেট রিকভারি আইনে মামলা নিস্পত্তি করতে ঠিক কত সময় লাগবে তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। এর আগে একই আইনে একটি ছোট মামলা শেষ করতে আমাদের সর্বনিম্ন সাড়ে তিন বছর লেগেছিল।

২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রর ফেডারেল রিজার্ভ ব্যাংকে সংরক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮১ মিলিয়ন ডলার চুরি হয়। এ ঘটনায় দেশব্যাপী আলোড়ন তৈরি হলে তৎকালীন গভর্নর আতিউর রহমান পদত্যাগ করেন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…