রিজার্ভ চুরির ঘটনায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে তদন্ত প্রতিবেদন পেশ করেছে ফরাসউদ্দিন কমিটি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটি আজ বুধবার সন্ধ্যায় সচিবালয়ে অর্থমন্ত্রীর কাছে অন্তর্বর্তীকালীন প্রতিবেদন জমা দেয়।
তদন্ত কমিটির প্রধান মোহাম্মদ ফরাসউদ্দিন এই প্রতিবেদন দেন। তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এবং অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব গকুল চাঁদ দাস।
১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটিকে এক মাসের মধ্যে অন্তর্বর্তীকালীন প্রতিবেদন দিতে বলা হয়েছিল। ৭৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে কমিটি।
গত ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখা বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার চুরি করে জালিয়াত চক্র।










