জাতীয় প্যারেড স্কয়ারে বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বিজয় দিবস উপলক্ষ্যে কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সালাম গ্রহণ শেষে রাষ্ট্রপতির অনুমতি নিয়ে প্যারেড শুরু করেন প্যারেড অধিনায়ক মেজর জেনারেল ওয়াকার উজ জামান। সম্মিলিত বাহিনী প্যারেড আর বিমানবাহিনী অ্যারোবেটিক ডিসপ্লেতে অংশ নেয়। কুচকাওয়াজে অন্যান্য প্রদর্শনীর সঙ্গে সশস্ত্র বাহিনীতে যুক্ত হওয়া নতুন সমরাস্ত্র প্রদর্শিত হয়।
একে একে সেনা, নৌ, বিমান বাহিনী সহ, মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার কোস্টগার্ড সহ অন্যান্য কন্টিনজেন্ট কুচকাওয়াজ করে প্যারেড স্কয়ার প্রদক্ষিন করেন।
রাষ্ট্রপতিকে ওয়ার ডগ ও অশ্বারোহী দলের অভিবাদন শেষে জাতীয় পতাকা সহ বিভিন্ন পতাকা নিয়ে ছত্রী সেনারা অবতরন ও অভিবাদন জানান। বিশাল পতাকা নিয়ে প্যারেড স্কয়ারে আসে জাতীয় পতাকাবাহী কন্টিনজেন্ট।
এরপর আর্মি এভিয়েশন, নেভাল এভিয়েশন ও র্যাবের ফ্লাইপাস্ট শেষে যান্ত্রিক বহরের কুচকাওয়াজ প্রদর্শিত হয়। তবে নৌ-বাহিনীতে যুক্ত হতে যাওয়া সাবমেরিনের মডেল ছিলো এবারের কুচকাওয়াজের অন্যতম আকর্ষণ।
সবার শেষে শুরু হয় বিমান বাহিনীর ফ্লাই পাস্ট। যেখানে ছিলো বিমান বাহিনীতে নতুন যুক্ত হওয়া হেলিকপ্টার এবং যুদ্ধ ও প্রশিক্ষণ বিমান। এরপর বিমান বাহিনীর এ্যারোবেটিক ডিসপ্লে। সম্মিলিত বাদক দলের কুচকাওয়াজের মধ্য দিয়ে শেষ হয় মহান বিজয় দিবসের কুচকাওয়াজ।








