রাশিয়ায় কয়লাখনি দুর্ঘটনায় উদ্ধারকর্মীসহ ৫২ জনের মৃত্যু

Workers in safety gear at an industrial site with a factory chimney emitting smoke in the background. Channel i News – চ্যানেল আই নিউজ
এক দশকের মধ্যে রাশিয়ায় সবচেয়ে বড় কয়লাখনি দুর্ঘটনায় এখন পর্যন্ত ৫২ জন মৃত্যুর খবর পাওয়া গেছে। শ্রমিক ছাড়াও মৃতদের মধ্যে বেশ কয়েকজন উদ্ধারকর্মী রয়েছেন।
বিবিসি বলছে, ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রায় অর্ধশতাধিক। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার রাশিয়ার কেমেরোভো অঞ্চলের যে লিস্টভিয়াঝনিয়া কয়লাখনিতে দুর্ঘটনা ঘটেছে, সেটি বেসরকারি সার্বিয়ান বিজনেস ইউনিয়নের এসডিএস হোল্ডিংয়ের মালিকানাধীন। অগ্নিকাণ্ড পরবর্তী এই দুর্ঘটনার সময় খনিতে ২৮৯ জন শ্রমিক কাজ করছিলেন বলে জানায় কর্তৃপক্ষ।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই দুর্ঘটনাকে ‘গ্রেট ট্র্যাজেডি’ উল্লেখ করে বলেছেন, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক, আমরা আশা করছি, উদ্ধারকারীরা মানুষের জীবন বাঁচাতে যতটা সম্ভব চেষ্টা করবেন।’ অন্যদিকে নিহতদের স্মরণে তিন দিনের শোক ঘোষণা করেছেন ওই অঞ্চলের গভর্নর সের্গেই সিভিলেভ। আর নিরাপত্তার ব্যর্থতার অভিযোগে খনি পরিচালকসহ তিনজনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে।






