প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের ৮১তম জন্মদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা শুভেচ্ছা জানিয়েছেন।
রবিবার সন্ধ্যায় হোটেল ওয়েস্টিনে রাবেয়া খাতুনের জন্মদিনের অনুষ্ঠানে তাদের পক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি মাহবুবুল হক শাকিল এ ফুলেল শুভেচ্ছা পৌঁছে দেন।
রাবেয়া খাতুন কথাসাহিত্যিক হিসেবে ব্যাপক পরিচিত হলেও তিনি এক সময় শিক্ষকতাও করেছেন। সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন দীর্ঘদিন।
তাঁর নিজস্ব সম্পাদনায় পঞ্চাশ এর দশকে বের হতো ‘অঙ্গনা’ নামের একটি নারীবিষয়ক মাসিক পত্রিকা। তিনি উপন্যাস, গবেষণাধর্মী রচনা, ছোটগল্প, ধর্মীয় ও ভ্রমণ কাহিনী, কিশোর উপন্যাস এবং স্মৃতিকথাসহ একশ’রও বেশি বই লিখেছেন। রেডিও, টিভিতে প্রচারিত হয়েছে তাঁর লেখা অসংখ্য নাটক। তাঁর গল্প, উপন্যাস নিয়ে নির্মিত হয়েছে বেশ কয়েকটি চলচ্চিত্র।
সাহিত্য চর্চার জন্য তিনি একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, নাসিরুদ্দিন স্বর্ণপদক, হুমায়ূন স্মৃতি পুরস্কার, বাংলাদেশ লেখিকা সংঘ পুরস্কার, শের-ই-বাংলা স্বর্ণপদক, ঋষিজ সাহিত্য পদকসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।







