রানে ফিরলেন মাহমুদউল্লাহ, আবারো ব্যর্থ সৌম্য

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের ব্যর্থতা কাটিয়ে টি২০ সিরিজে রানে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। অপরদিকে ব্যর্থতা যেন পিছুই ছাড়ছে না সৌম্য সরকারের।
ক্রাইস্টচার্চে প্রথম ওয়ানডেতে শূন্য রানেই প্যাভিলনে ফিরতে হয়েছিল মাহমুদউল্লাহকে। নেলসনে দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ১ রান করেই নিশামের বলে বোল্ড হতে হয়েছিল টাইগার শিবিরের টপ অর্ডার ব্যাটসম্যান মাহমুদউল্লাহকে। তৃতীয় ওয়ানডেতে ৩ রান করে সাউদির বলে আউট হন মাহমুদউল্লাহ রিয়াদ।
তবে নেপিয়ারের তিন ম্যাচ টি২০ সিরিজের প্রথম ম্যাচেই জ্বলে উঠলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ক্রিজে যখন নামলেন স্কোর বোর্ডে তখন রান মাত্র ৬৭ উইকেট নেই ৫টি। সেখান থেকেই বুক চিতিয়ে লড়লেন কিউই বোলারদের বিপক্ষে। ৪৭ বলে তিনটি চার ও তিনটি ছয়ে করলেন ৫২ রান। এরআগে মোসাদ্দেককে নিয়ে মূল্যবান ৩২ রানে জুটি গড়েন মাহমুদউল্লাহ রিয়াদ।
অন্যদিকে ব্যাটিং ব্যর্থতা যেন এক প্রকারের সঙ্গী হয়েছে সৌম্য সরকারের। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমে চরম হতাশ করেন সৌম্য। এর জের ধরে পরের দুই ওয়ানডেতে আর দলে জায়গা পাননি।
টি২০ সিরিজের আগে অবশ্য কোচ চন্ডিকা হাথুরুসিংহে শুনিয়েছিলেন আশার বাণী।
সে অনুযায়ী মঙ্গলবার টি২০ সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামেন সৌম্য। তবে যে লাউ সেই কদু টাইপ অবস্থা।
মাঠে নেমে প্রথম বলেই ললিপপ ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন তিনি। ফার্গুসেনের বলে এমনভাবে তিনি ক্যাচ তুলে দিলেন, যেন অ্যান্ডারসনকে তিনি ক্যাচ প্রাকটিস করাচ্ছিলেন।
তবে সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে রানে ফেরার ইঙ্গিত দিয়েছিল তার ব্যাট।



