আবারো যুক্তরাষ্ট্র ওপেনে রাতের ম্যাচে উজ্জ্বল মারিয়া শারাপোভা। বিশ্বের ১০ নম্বর বাছাই ইয়েলেনা ওস্তাপেঙ্কাকে হারিয়ে সহজ জয় পেয়েছেন রুশ সুন্দরী। ম্যাচের ফলাফল ৬-৩, ৬-২। উঠে গেছেন টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে।
ম্যাচ শেষে শারাপোভা বলেছেন, ‘এখানে খেললেই মনে হয় নিজের মধ্যে আলাদা একটা শক্তি কাজ করে। সেটা পাই আমার ভক্তদের জন্য। মনে পড়ছে না এখানে প্রথম ম্যাচ খেলার সময় আমার বয়স কত ছিল। কিন্তু তখন থেকেই আমি এই শহরের রাতের সৌন্দর্যের প্রেমে হাবুডুবু খাচ্ছি। কেনো জানি না, এখানে রাতে খেলতেই সবচেয়ে বেশি ভালো লাগে।’
প্রায় এক যুগ আগে যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন শারাপোভা। এবার তিনি বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে ২২তম বাছাই। ডোপ কেলেঙ্কারির নির্বাসন কাটিয়ে কোর্টে ফিরে সেভাবে প্রত্যাশা পূরণ করতে পারেননি। তবে যুক্তরাষ্ট্র ওপেনে আছেন দুর্দান্ত ছন্দে। তার একটা বড় কারণ তিনি এখানে রাতে খেলতে দারুণ পছন্দ করেন।
ওস্তাপেঙ্কাকে হারানোর পরে তার রাতের ম্যাচে টানা জয়ের সংখ্যা দাঁড়াল ২২। কোনো প্রতিদ্বন্দ্বীই তাকে রাতে বিলি জিন কিং ন্যাশনাল টেনিস সেন্টারে হারাতে পারেননি।







