অবশেষে টেকনাফের নাফ নদীর সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া বিজিবি সদস্য নায়েক আব্দুর রাজ্জাককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিতে মিয়ানমারের বিজিপি সম্মতি জানিয়েছে। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার মিয়ানমারের মংডুতে দু’দেশের সীমান্ত বাহিনীর মধ্যে এক পতাকা বৈঠকের সম্মতি পাওয়া গেছে। আর ওই পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেয়া হবে বিজিবি নায়েক রাজ্জাককে।
বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল এম এম আনিসুর রহমান জানিয়েছেন, মিয়ানমারের বিজিপির হাতে অপহৃত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েক আবদুর রাজ্জাককে ফেরত দেওয়ার বিষয়ে মঙ্গলবার বিকেলে বিজিবির ৪২ ব্যাটালিয়নের সদর দপ্তরে একটি চিঠি পাঠিয়েছে মিয়ানমার সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।
মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ ২ নম্বর ব্যাটলিয়ানের অধিনায়ক লে. থিন কো কো স্বাক্ষরিত এ চিঠিতে নায়েক রাজ্জাককে ফেরতের বিষয় নিয়ে পতাকা বৈঠকের জন্য দিন, তারিখ নিধারণের পাশাপাশি পাঁচ সদস্যের প্রতিনিধিদলে কারা থাকবেন তা জানাতে বলা হয়েছে। বৈঠক অনুষ্টিত হবে মিয়ানমারের মংডু শহরে। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন টেকনাফ ৪২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল আবু জার আল জাহিদ ।
রোহিঙ্গাদের নিয়ে টানাপড়েনের মধ্যে গত ১৭ জুন কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীতে গোলাগুলির পর বিজিবির নায়েক রাজ্জাককে ধরে নিয়ে যায় বিজিপি। তখন বিপ্লব নামে একজন বিজিবি সদস্য গুলিবিদ্ধও হন।






