বঙ্গবন্ধু বিপিএলে প্লেয়ার্স ড্রাফটে ছিল না আন্দ্রে রাসেল ও লেন্ডল সিমন্সের নাম। তবে বিপিএলে ঠিকই দেখা যাবে এ দুই ক্যারিবিয়ানকে। ড্রাফটের বাইরে থেকে অলরাউন্ডার রাসেলকে দলে ভিরিয়েছে রাজশাহী রয়্যালস। ওপেনিং ব্যাটসম্যান সিমন্সকে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দল দুটি জানিয়েছে তাদের অন্তর্ভুক্তির খবরটি।
টি-টুয়েন্টির ফেরিওয়ালা বিস্ফোরক ব্যাটসম্যান গেইলকে ড্রাফট থেকে দলে নেয় চট্টগ্রাম। বিদেশি খেলোয়াড়দের মধ্যে দলটিতে আরও আছেন কেসরিক উইলিয়ামস, আভিশকা ফার্নান্দো, রায়াদ এমরিট, রায়ান বার্ল ও ইমাদ ওয়াসিম।
টি-টুয়েন্টির আরেক বিধ্বংসী ব্যাটসম্যান রাসেলকে দলে নিয়ে শক্তি বাড়িয়েছে রাজশাহী। ড্রাফট থেকে তারা দলে নিয়েছে রবি বোপারা, হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ নওয়াজ ও মোহাম্মদ ইরফানকে। পরে তারা নিয়েছে পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিককে। ড্রাফটের বাইরে থেকে দুইজন করে বিদেশি ক্রিকেটার নেয়ার নিয়ম রাখা হয়েছে এবারের আসরে।







