‘ফান এর সাথে গান’- এই বার্তা নিয়ে শুক্রবার বিভাগীয় শহর রংপুর থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছিল ‘এসিআই এক্সট্রা ফান কেক চ্যানেল আই গানের রাজা’ পাওয়ার্ড বাই এসিআই পিওর স্পাইসেস এর ডিভিশনাল অডিশন রাউন্ড। সেখানে সফলভাবে অডিশন শেষে আজ (রোববার) রাজশাহীতে।
রাজশাহী সরকারি কর্মচারী কল্যান সমিতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত অডিশন থেকে প্রাথমিক নির্বাচিতদের বেছে নেয়া হয়। যেখানে প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন কালজয়ী শিল্পী খুরশিদ আলম।
রংপুরে অডিশনের পর রাজশাহীতে ‘চ্যানেল আই গানের রাজা’ প্রতিযোগিতায় খুরশিদ আলমের সঙ্গে সহ-বিচারক হিসেবে আছেন চ্যানেল আই সেরাকণ্ঠের মেসবাহ বাপ্পী এবং ক্ষুদে গানরাজ থেকে আছেন সরণ, মনির।

‘এসিআই এক্সট্রা ফান কেক চ্যানেল আই গানের রাজা’য় অডিশন দিতে এদিন ভোর থেকেই রাজশাহীতে আসতে থাকেন প্রতিযোগিরা। নয়টা বাজার আগেই সেখানে শত শত প্রতিযোগিকে ভিড় করতে দেখা যায়। প্রায় সবার সঙ্গেই ছিলেন তাদের অভিভাবকরা। বিচারকরা জানান, অডিশনে প্রতিযোগীদের উপস্থিতিতে ব্যাপক সাড়া মিলেছে।
প্রায় দুই শতাধিক প্রতিযোগী নিয়ে রাজশাহী অডিশনের পর ধাপে ধাপে যশোর, বরিশাল, সিলেট, চট্টগ্রাম ও সবশেষে ঢাকা বিভাগে অডিশন হবে। প্রতিটি বিভাগ থেকে পৃথক পৃথক অডিশনের মাধ্যমে প্রতিযোগী নির্বাচন করা হবে।

দেশে সৃজনশীল সংগীত ও কোমলমতি শিশুদের মনন বিকাশে গান নিয়ে চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘গানের রাজা’। অডিশন পর্ব শেষে গ্র্যান্ড এপিসোড থেকে এই প্রতিযোগিতার বিচারক হিসেবে থাকবেন ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’ খ্যাত দুই জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল ও সোমনূর মনির কোনাল।








