রাজধানীর মতিঝিলে এক হোটেল কর্মচারী গুলিতে নিহত হয়েছেন। এই হত্যার অভিযোগ উঠেছে হোটেলের মালিকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই হোটেলের ম্যানেজারকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে স্বামীবাগের মিতালী স্কুল গলির একটি মেসে এ ঘটনা ঘটে। নিহত হোটেল কর্মচারীর নাম রিয়াজ (১৭)। তিনি ‘ঘরোয়া’ নামের একটি হোটেলে কাজ করতেন।
ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মালেক জানান, একটি মোবাইল ও দেড় হাজার টাকা হারানো ঘটনায় রিয়াজকে সন্দেহ করেন হোটেল মালিক। রাত ১টার দিকে তিনি মেসে গিয়ে তাকে গুলি করেন। মুখে গুলিবিদ্ধ অবস্থায় সহকর্মীরা রিয়াজকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে ২টার দিকে তার মৃত্যু হয়।
নিহত রিয়াজ চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার আতিলা গ্রামের মৃত মফিজুল ইসলামের ছেলে।






