রমেন স্যারের মতো আর কে অত যত্ন করে পড়াবেন!

চলে গেলেন ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ার জনপ্রিয় শিক্ষক রমেন পাল। রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
বুধবার রাত ৮ টার দিকে ধানমন্ডির ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দ্বিতীয়বারের মতো ম্যাসিভ হার্ট অ্যাটাকে মারা যান তিনি। এর আগে হৃদরোগে আক্রান্ত হলে গত শনিবার দিবাগত রাতে ল্যাব এইড হাসপাতালে তার হার্টে রিং পরানো হয়েছিল। বুধবার তাকে হাসপাতালের ছাড়পত্র দেওয়া হয়। বাড়ি ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার সময় হাসপাতালেই দ্বিতীয়বারের মতো হৃদরোগে আক্রান্ত হন বন্ধুদের কাছে মনু নামে পরিচিত রমেন পাল।
তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বন্ধুবান্ধব ও সহকর্মীদের মধ্যে। শোক প্রকাশ করতে অনেকে পোস্ট দেন ফেসবুকে।
তার মৃত্যুতে শোক জানিয়ে সেলিম সরকার লিখেছেন, সাউথ এশিয়া বিশ্ববিদ্যালয়ে একটি বিখ্যাত নাম রমেন পাল। তিনি আমার সেরা শিক্ষকদের একজন। তাকে আমরা কখনোই ভুলবো না।
বন্ধুর মৃত্যুতে শোক জানিয়ে সাংবাদিক মীর মাসরুর জামান রনি ফেসবুকে লিখেছেন, আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কিছুদিন আগে আমার বাবা মারা যান। মনু তখন কীভাবে আমার পাশে দাঁড়াতে চেয়েছিল, আমি সে কথা কাউকে বলব না। বিশ্ববিদ্যালয়ের একটা সরু বিছনায় মাঝে মাঝে এক সঙ্গে থাকা, একটা সিঙ্গারা ভাগ করে খাওয়া, ‘৯০ এর মিছিল, পুলিশের ধাওয়া খাওয়া- এ সববের কিছুই আমি অার মনে করতে চাই না।
“শুনেছি বাবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার খবরে ওর ৮ বছর বয়সী মেয়েটা ঘরের দরজায় ‘ওয়েলকাম হোম, বাবা!’ লিখে রেখেছিল…”
আরেক সাংবাদিক জাহিদ নেওয়াজ খান লিখেছেন, মনুর কন্যা বাবা ফিরছে বলে ঘরের দরোজায় লিখে রেখেছিল, ওয়েলকাম, বাবা। বাবা যে ফিরলো না সেখানে অন্যদেরও কি দায় নেই? হার্ট অ্যাটাক করে চারদিন আগে ল্যাব এইড হাসপাতালে ভর্তি হওয়ার পর তাকে দুটি রিং পরানো হয়েছিল। সবকিছু ঠিকঠাক আছে বলেইতো বুধবার সন্ধ্যায় তাকে রিলিজও করেছিল। বাড়ি ফিরে যাওয়ার প্রস্তুতির সময়ই আবার হার্ট অ্যাটাক এবং মৃত্যু।
‘বিশ্ববিদ্যালয় ছাড়ার পর রমেন পাল মনুর সঙ্গে দেখা হয়েছে কয়েকবার। পরেরবার কবে দেখা হবে সেকথা কখনও হয়নি। কিন্তু দেখা যে হবে সেটা জানতাম। এখন জানলাম, ইহজীবনে আর দেখা হবে না মনুর সঙ্গে।’
উন্নয়নকর্মী এবং লেখক জাহিদ রহমান লিখেছেন: চুপচাপ মনুর সাথে সর্বশেষ দেথা হয়েছিল দুবছর আগে ধানমন্ডিতে। বিশ্ববিদ্যালয় জীবনে মনুরও স্বপ্ন ছিল সমাজ পরিবর্তনের। ক্যাম্পাসে মিষ্টি চেহারার লম্বা এই তরুণ বৈজ্ঞানিক সমাজতন্ত্রীদের মিছিলের সামনেই থাকতো। এত অল্প বয়সে মনুর চলে যাওয়া দুঃখজনক।
ছাত্রজীবনে জাসদ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন রমেন পাল। পাবনা জিলা স্কুলের সাবেক ছাত্র রমেন লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ৯০’র ছাত্রগণঅভ্যুত্থানে মিছিলের অন্যতম এক মুখ ছিলেন তিনি।
তার মৃত্যুতে ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা বলেছেন, এমন শিক্ষক খুব কম। শিক্ষার্থীদের অনেকে বলেছেন, এতো যত্ন করে আর কে পড়াবেন!
বৃহস্পতিবার সকালে পুরান ঢাকার পোস্তগোলা মহাশ্মশানে তার অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন হয়।



