ভারতের সবচেয়ে বড় সুপারস্টার বলা হয়ে থাকে দক্ষিণ ভারতের তারকা অভিনেতা রজনীকান্তকে। তার খ্যাতি, তাকে নিয়ে দর্শকের উন্মাদনার কথা কারো অজানা নয়। আর এবার এই অভিনেতার ছবি দেখতে তামিলনাড়ুতে ছুটে এলেন এক জাপানি দম্পতি। যে ঘটনায় রীতিমত বিস্মিত ভারতীয় মিডিয়া। খবরটি তাই বেশির ভাগ সংবাদ মাধ্যম ছেপেছে গুরুত্ব দিয়ে।
হ্যাঁ। আজ শুক্রবার মুক্তি পেল রজনী অভিনীত বহুল আলোচিত ছবি ‘কালা’। আর এই ছবিটি দেখতে সুদূর জাপান থেকে উড়ে এলেন এক দম্পতি। ভারতের চেন্নাইয়ে তারা এসেছেন শুধুই রজনী অভিনীত সিনেমাটির প্রথম শো দেখতে!
ভারতীয় সংবাদ মাধ্যমে জানা যায়, জাপানের বাসিন্দা ইয়াসোদা ও তার স্ত্রী রজনীর অভিনীত ‘কালা’ ছবির ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের জন্য জাপান থেকে ছুটে এসেছেন। কারণ, জাপানে ছবিটি মুক্তি পাবে আরো দুদিন পর। তাই অপেক্ষা না করে প্রথম শো দেখতেই তারা জাপান থেকে এসেছেন।
তবে মজার তথ্য হচ্ছে, এই দম্পতি এবারই প্রথম নন। এরআগেও রজনীকান্ত অভিনীত ‘এন্থিরান টু’ ও ‘কাবালি’ দেখেতেও চেন্নাইয়ে উড়ে এসেছিলেন। রজনীকান্তের ছবি দেখার জন্য তারা তামিল ভাষা পর্যন্ত শিখেছেন।








