শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) দেশের ৫২ সিনেমা হলে মুক্তি পাচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত বহুল প্রতীক্ষিত ছবি ‘ফাগুন হাওয়ায়’। এ ছবিটি পরিবেশনা করছে অভি কথাচিত্র। প্রতিষ্ঠানটির কর্ণধার জাহিদ হাসান অভি এমনটা জানিয়েছেন।
তিনি বলেন, ‘ফাগুন হাওয়ায়’ চাইলেই ১০০ হলে মুক্তি দেওয়া যেত। ছবি নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ। কিন্তু বেশি নয়, ভাষা আন্দোলনের ছবি তাই ৫২ হলে দিয়ে মুক্তি দিয়ে যাত্রা শুরু করছি। আশা করছি, সপ্তাহ বাড়ার সঙ্গে সঙ্গে হল বাড়বে।
টিটু রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় নির্মাণের পাশাপাশি ছবিটির সংলাপ ও চিত্রনাট্যও রচনা করেছেন তৌকীর আহমেদ। এ ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা ও সিয়াম।
আরো আছেন সাজু খাদেম, রওনক হাসান, ফজলুর রহমান বাবু, আফরোজা বানু, শহীদুল আলম সাচ্চু ও আবুল হায়াত। বলিউডের ‘লগন’খ্যাত অভিনেতা যশপাল শর্মাকে এ ছবিতে দেখা যাবে পাকিস্তানি পুলিশ কর্মকর্তার চরিত্রে।
প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম সূত্রে জানা যায়, বঙ্গভবনে এদিন বিকালে ছবিটির প্রদর্শনী উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। এর আগে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ গত ২৮ জানুয়ারি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে আমন্ত্রণ জানালে রাষ্ট্রপতি এ বিষয়ে ইতিবাচক মত দেন।
জেনে নিন যেসব মুক্তি পাচ্ছে ‘ফাগুন হাওয়ায়’










