যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের একটি স্কুলে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে দুই সহপাঠীকে গুরুতর আহত করেছে এক শিক্ষার্থী । পরে নিরাপত্তাকর্মীদের গুলিতে নিহত হয় বন্দুকধারী শিক্ষার্থী। গুলিবিদ্ধ অন্য দুই শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
বিবিসি জানিয়েছে, সকালে স্কুল শুরুর কিছুক্ষণ পরই ১৭ বছর বয়সী শিক্ষার্থী অস্টিন রোলিনস ১৪ বছর বয়সী এক ছাত্র ও ১৬ বছর বয়সের এক ছাত্রীকে গুলি করে। পরে এক নিরাপত্তারক্ষী রোলিনসকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে সে আহত হয়। তাকে হাসপাতালে নেওয়ার পর মারা যায়।
মঙ্গলবার সকালে ওয়াশিংটন ডি.সির দক্ষিণ-পূর্বের সেন্ট মেরি কাউন্টির গ্রেট মিলস হাই স্কুলে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় পুলিশের প্রধান ক্যামেরন বলেন, ধারণা করা যাচ্ছে আহত মেয়েটির সাথে বন্দুকধারী অস্টিনের ভালোবাসার সম্পর্ক থাকতে পারে। গুলিবিদ্ধ ছাত্রের অবস্থা ভালো থাকলেও ছাত্রীর অবস্থা গুরুতর বলে সেন্ট মেরি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
এ ঘটনার পরপরই সরকারি ওই স্কুলের প্রায় ১ হাজার ৬০০ শিক্ষার্থীকে পুলিশ প্রহরায় অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়।










