ঈদযাত্রা স্বস্তিদায়ক এবং ২৪ ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে রাস্তায় নেমে দ্রুত কাজ করার জন্য সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার যশোর সার্কিট হাউজে খুলনা ও গোপালগঞ্জ জোনের সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং সড়ক ও জনপথ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই নির্দেশ প্রদান করেন।
কর্মকর্তাদের ঈদের ছুটি বাতিলের বিষয়টি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ঈদের দিন সকাল থেকে বেলা ২টা পর্যন্ত সময় ব্যতীত সবসময় এলাকায় রাস্তা মেরামত ও সংস্কারের কাজে থাকতে হবে। যেকোন মূল্যে সড়কে যানবাহন চলাচলের জন্য সচল রাখতে হবে।
তিনি অারও বলেন, এক্ষেত্রে বর্ষা বা বৃষ্টি কোন অজুহাত নয়, যে সময় যেখানে যা প্রয়োজন তাই করতে হবে। এতে অর্থের কোন অভাব হবে না। বন্যায় ও বর্ষার পানিতে সড়ক মহাসড়কের যে ক্ষতি হয়েছে এতে ঈদের সময় যানবাহন চলাচল স্বাভাবিক রাখাটা আমাদের জন্য চ্যালেঞ্জিং ব্যাপার।
খুলনা, গোপালগঞ্জ, সাতক্ষীরা, যশোর, ফরিদপুর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইলসহ সংশ্লিষ্ট জেলার সড়ক ও আঞ্চলিক সড়কের যানবাহন চলাচলের স্বাভাবিকতা রক্ষা করার বিষয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।







