চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হওয়ার আট দিন পর কারামুক্তি পেলেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।
বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাত ৮টা ৪৫ মিনিটে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি বের হয়ে আসেন। এসময় কারাফটকে মোজাম্মেলের স্ত্রী ও স্বজনরা উপস্থিত ছিলেন।
এর আগে গত মঙ্গলবার চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় জামিন পান যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। তবে বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় পুলিশ হেফাজতে মোজাম্মেলকে জিজ্ঞাসাবাদের আবেদন থাকায় তখন তার কারামুক্তি মিলেনি।
গত ৫ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার বাসা থেকে মোজাম্মেল হককে গ্রেপ্তার করা হয়। মিরপুর মডেল থানায় দুলাল নামের এক ব্যক্তির দায়ের করা চাঁদাবাজির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।








