গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত ১০ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা যান ১৩ জন।
মৃতদের মধ্যে ময়মনসিংহের ১৫ জন, নেত্রকোনার ৪ জন, শেরপুরের ২ জন, জামালপুর ও টাঙ্গাইলের ১ জন করে রয়েছে।
এ তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৪০ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৩৯৯ জন এবং আইসিউতে ২২ জন চিকিৎসাধীন আছেন। সুস্থ হয়েছেন ২৬ জন।
সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৬০০টি নমুনা পরীক্ষায় আরো ১৩৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৩.১৬ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৮ হাজার ৯৯৫ জন। সুস্থ হয়েছেন ১৪ হাজার ১৬৮ জন।







