জ্যামাইকান লেখক মারলন জেমস জিতে নিলেন এ বছরের ম্যান বুকার প্রাইজ। ‘আ ব্রিফ হিস্টরি অব সেভেন কিলিংস’ উপন্যাস লিখে এ পুরস্কার জিতলেন তিনি। বইটি লেখা হয়েছে ৭০ এর দশকের জনপ্রিয় জ্যামাইকান গীতিকার ও সঙ্গীতশিল্পী বব মার্লের হত্যা চেষ্টা থেকে অনুপ্রেরণা নিয়ে। উল্লেখ্য যে বব মার্লেকে সত্তর ও আশির দশকে কয়েকবার হত্যা করার চেষ্টা করে গুপ্ত ঘাতকেরা।
প্রধান বিচারক মাইকেল উড উপন্যাসটিকে শর্টলিস্টে থাকা ৬ টি বইয়ের মধ্যে ‘সবচেয়ে উত্তেজনাকর’ বলে বর্ণনা করেছেন। ৬শ’ ৮০ পৃষ্ঠার বইটি ‘চমকে পরিপূর্ণ’। তবে পাশাপাশি বইটি ‘খুব বেশি সংঘাতময়’ এবং ‘গালি জাতীয় বক্তব্যে ভরা’।
মঙ্গলবার লন্ডনে জেমসকে ৫০ হাজার পাউন্ডের ম্যান বুকার পুরস্কারের বিজয়ী ঘোষণা করা হয়। ৪৪ বছর বয়সী এই লেখকের হাতে পুরস্কার তুলে দেন ব্রিটেনের ডাচেস অব কর্নওয়াল।
জেমস বলেন, পুরস্কারটি পাওয়ার অনুভূতি তার জন্য খুবই পরাবাস্তব। এই অর্জন তিনি বিশ্বাসই করতে পারছেন না। পুরস্কারটি জেমস তার প্রয়াত বাবার নামে উৎসর্গ করেন, যিনি তার সাহিত্য বিষয়ক সংবেদনশীলতাকে দিক নির্দেশনা দিয়েছেন।
ম্যান বুকার প্রাইজ বিজয়ীদের মধ্যে জেমসই প্রথম জ্যামাইকান লেখক।






