যুক্তরাজ্যের ম্যানচেস্টার এরিনায় কনসার্টে হামলার ঘটনার তদন্তের আলামত মার্কিন গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে ‘গভীর সমস্যা’ বলে মন্তব্য করেছেন।
ব্রাসেলসে ন্যাটোর শীর্ষ বৈঠকে বৃটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে সাক্ষাৎ করে ট্রাম্প এমন মন্তব্য করেন। সন্ত্রাসীরা তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে এই ঘটনায় সর্বোচ্চ পর্যায় থেকে সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।
মার্কিন দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস ম্যানচেস্টারে বোমা হামলার ঘটনাস্থলের কয়েকটি ছবি প্রকাশ করে। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় যুক্তরাজ্য। এমনকি লন্ডনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের কাছে এ নিয়ে বিরক্তিও প্রকাশ করে দেশটি।
এমন পরিস্থিতিতে ট্রাম্প তার দেশের বিচার বিভাগকে ঘটনার তদন্ত করতে বলবেন জানিয়ে বলেন, যদি কেউ জড়িত থেকে থাকে; তাহলে তাকে বিচারের মুখোমুখী করা হবে।
এসময় তিনি দু’দেশের সুসসম্পর্কের কথা উল্লেখ করে ম্যানচেস্টারে হামলার নিন্দা জানিয়ে বলেন, এই হামলার মাধ্যমে সন্ত্রাসীরা তাদের ‘নৃশংস রূপ ‘ প্রকাশ করেছে।
গত সোমবার ম্যানচেস্টারে মার্কিন সঙ্গীতশিল্পী আরিয়ানা গ্রান্ডের পপ কনসার্টে হওয়া জোড়া বোমা হামলায় ২২ জন নিহত হয়। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। ওই ঘটনায় আহত হয় আরো ৬৪ জন।








