মৌলভীবাজারের জঙ্গি আস্তানার আশেপাশে ১৪৪ ধারা

মৌলভীবাজারের দুটি জঙ্গি আস্তানা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে আইন শৃংখলাবাহিনী। বুধবার দুপুর থেকে আস্তানা দুটির ২ কিলোমিটার এলাকার জন্য এই আদেশ কার্যকর হবে।
মৌলভীবাজারের জেলা প্রশাসক তোফায়েল ইসলাম ১৪৪ ধারা জারির বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
মঙ্গলবার গভীর রাত থেকে শহরের বড়হাট ও সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজারের কাছে নাসিরপুর গ্রামের ওই দুটি জঙ্গি আস্তানা ঘেরাও করে রাখে পুলিশ। বড়হাটের আস্তানাটি একটি ডুপ্লেক্স বাড়িতে, আর নাসিরপুরের আস্তানাটি একটি একতলা বাড়িতে। দুটি বাড়িই লন্ডন প্রবাসী সাইফুল রহমানের মালিকানাধীন।
বুধবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যেও দু’টি জঙ্গি আস্তানায় বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। সাড়ে ১০টার দিকে বড়হাটের আস্তানার ভেতরে বিকট শব্দে তিনটি গ্রেনেড বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা।
জঙ্গি আস্তানায় অভিযানে অংশ নিতে বুধবার বেলা সোয়া ১১টার দিকে সোয়াটের (সর্বাধুনিক প্রশিক্ষণপ্রাপ্ত স্পেশাল হুইপন্স অ্যান্ড ট্যাক্টিকস) একটি টিম ঢাকা থেকে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছে।






