ক্রিকেটের সংবাদদাতা ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফোর বর্ষসেরা পুরস্কারের রাতে শুক্রবার মেহেদী হাসান মিরাজের মুখ কি হাসিতে চওড়া হতে যাচ্ছে? বর্ষসেরা উদীয়মান ও বর্ষসেরা টেস্ট বোলিং পারফরম্যান্সের জন্য মনোনয়নের তালিকায় আছেন এই বাংলাদেশি তারকা। আর টি-টুয়েন্টি বোলিংয়ের জন্য মনোনয়নে আছেন মোস্তাফিজও।
মনোনয়নে বাংলাদেশের দাপটের মাঝে দুবার জায়গা করে নিয়েছেন মিরাজ। ২০১৫ সালের বর্ষসেরা উদীয়মান হয়েছিলেন মোস্তাফিজুর রহমান। এবার তার উত্তরসূরি হতে পারেন মিরাজ। বর্ষসেরা টেস্ট বোলিং পারফরম্যান্সেও নাম আছে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্টে ১৯ উইকেট নিয়ে ঐতিহাসিক জয়ে ভূমিকা রাখা এই অফস্পিনারের।
অন্যদিকে টেস্ট ব্যাটিং পারফরম্যান্সে মনোনয়নে আছেন তামিম ইকবাল। নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম, ইংল্যান্ডের বেন স্টোকস, শ্রীলঙ্কার কুশল মেন্ডিস, পাকিস্তানের ইউনিস খান ও ভারতের বিরাট কোহলির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে তার।
বাংলাদেশিদের মধ্যে মাশরাফি আছেন ওয়ানডের সেরা বোলিং পারফরম্যান্সের তালিকায়। ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দ্বিতীয় ওয়ানডেতে ২৯ রানে ৪ উইকেট মনোনয়নে রেখেছে তাকে। ভারতের অমিত মিশ্র, ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন, দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির, অস্ট্রেলিয়ার কেন রিচার্ডসনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে ম্যাশকে।
টি-টুয়েন্টি বোলিংয়ের জন্য মনোনয়নে আছেন ভারতের মাটিতে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট পাওয়া মোস্তাফিজ। নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার, ইংল্যান্ডের ক্রিস জর্ডান, ওয়েন্ট ইন্ডিজের ডোয়াইন ব্র্যাভো ও পাকিস্তানের ইমাদ ওয়াসিমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে কাটার মাস্টারকে।
সেখানে টি-টুয়েন্টির ব্যাটিংয়ের জন্য মনোনয়নে আছেন দুই বাংলাদেশি সাব্বির রহমান ও মাহমুদউল্লাহ রিয়াদ। ভারতের বিরাট কোহলি, অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, মারলন স্যামুয়েলস ও কার্লোস ব্র্যাথওয়েটের সঙ্গে লড়তে হবে তাদেরকে।








