গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানকে নাশকতার দুই মামলায় আবারো গ্রেফতার করেছে পুলিশ। দেড় মাস আগে তিনি জামিনে মুক্তি পান।
বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা এর আগে নাশকতার মোট ১৯টি মামলায় গ্রেফতার হন। এক বছরের বেশি কারাগারে থাকার পর হাইকোর্ট থেকে গত ২ মার্চ ছয় মাসের জামিন পান।
পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত ১০টার দিকে কালিয়াকৈর উপজেলার ভান্নারা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জামিন পাওয়া ১৯ মামলার বাইরে নাশকতার অন্য দুটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
নাশকতার দুটি মামলার অভিযোগপত্রে নাম থাকায় গাজীপুর সিটির প্রথম এই মেয়রকে গত বছরের ১৯ অগাস্ট সাময়িক বরখাস্ত করে সরকার।
এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট গত সোমবার সাময়িক বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করে। একই সঙ্গে রুল দিয়ে মান্নানকে সাময়িক বরখাস্তের আদেশ কেন অবৈধ হবে না- তা জানতে চাওয়া হয় সরকারের কাছে।







