বাছাই পর্বে আর মাত্র চারটি ম্যাচ বাকি। ১৪ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে। এই যখন অবস্থা তখন ফুটবল বিশ্বে একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাশিয়া বিশ্বকাপে যেতে পারবে তো আর্জেন্টিনা?
টেবিলের শীর্ষ চার দল সরাসরি বিশ্বকাপের টিকিট পায়, পঞ্চম দলটিকে খেলতে হয় প্লে-অফ ম্যাচ। এমন বাস্তবতায় উরুগুয়ের মাঠে কঠিন পরীক্ষায় নামছেন লিওনেল মেসি ও তার সতীর্থরা। এ ম্যাচে জিতলে টেবিলের শীর্ষ চারে জায়গা করে নেবে হোর্হে সাম্পাওলির দল, তাতে সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনাও উজ্জ্বল হবে। ম্যাচটি শুরু হবে শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৫টায়।
লাতিন মহাদেশে বিশ্বকাপ বাছাই পর্বে মাঠে নামবে ১০টি দলই। তবে সবচেয়ে আলোয় দুই প্রতিবেশী উরুগুয়ে ও আর্জেন্টিনার লড়াই। বিশেষ করে খাদের কিনারে দাঁড়িয়ে থাকা আর্জেন্টিনার জন্য বাঁচা-মরার ম্যাচ বলেই। ক্লাব সতীর্থ থেকে এখন মুখোমুখি অবস্থানে মেসি ও লুই সুয়ারেজ। যদিও সুয়ারেজের খেলা শতভাগ নিশ্চিত নয়। বার্সেলোনায় ইনজুরিতে পড়া এ খেলোয়াড় দেশে ফিরে জাতীয় দলের সঙ্গে অনুশীলন করেছেন।
উরুগুয়ের কোচ অস্কার তাবারেজ ইঙ্গিত দিয়েছেন, নাটকীয়ভাবে শেষ মুহূর্তে স্কোয়াডে জায়গা পেতে পারেন সুয়ারেজ। তার কথায়, ‘সে যেভাবে সেরে উঠছে, তা আমাদের বিস্মিতই করছে।’
১৪ ম্যাচে মাত্র ছয়টি জয় আর্জেন্টিনার। সেই ব্যর্থতায় এদগার্দো বাউজাকে বরখাস্ত করে সাম্পাওলিকে নিয়োগ করা হয়েছে। তার অধীনে উন্নতি করছে আর্জেন্টিনা। জুনে প্রীতি ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে ও সিঙ্গাপুরকে ৬-০ গোলে হারিয়েছে তারা। এবার বড় মঞ্চে বড় পরীক্ষা।
তবে দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের কাজটি কঠিন করে দিয়েছে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের এক রায়। চিলির সঙ্গে গোলশূন্য ড্র ম্যাচে ‘অযোগ্য’ খেলোয়াড় দলভুক্ত করে বলিভিয়া। ক্রীড়া আদালত বলিভিয়ার অপরাধে চিলিকে ম্যাচে ৩-০তে বিজয়ী ঘোষণা করে। তিন পয়েন্ট ‘উপহার’ পেয়ে আর্জেন্টিনাকে টপকে চারে উঠে যায় লাতিন চ্যাম্পিয়ন চিলি। এতে আর্জেন্টিনা নেমে গেছে প্লে-অফ পজিশনে।
বাস্তবতা মেনে নিচ্ছেন সাম্পাওলি। কঠিন ম্যাচ সামনে রেখে তিনি বলেন, ‘বিশ্বকাপে জায়গা পেতে হলে এখন আমাদের ঘুরে দাঁড়াতে হবে।’ গঞ্জালো হিগুয়াইনকে বাদ দিয়ে তিনি ডেকেছেন মাউরো ইকার্দিকে। আক্রমণভাগের একেবারে সামনে তার সঙ্গে থাকবেন মেসি ও পাওলো দিবালা।
সবার আগে রাশিয়া বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ১৪ ম্যাচে নেইমারদের সংগ্রহ ৩৩ পয়েন্ট। শুক্রাবার সকাল পৌনে সাতটায় ব্রাজিল ঘরের মাঠে খেলবে ইকুয়েডরের বিপক্ষে। ম্যাচটি ‘সেলেসাও’দের জন্য স্রেফ আনুষ্ঠানিকতার হলেও ২০ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে থাকা ইকুয়েডরের জন্য জীবন বাজিরই। বিশ্বকাপের স্বপ্ন টিকিয়ে রাখতে এ ম্যাচে জিততে মরিয়া আন্তোনিও ভ্যালেন্সিয়ার দল।
এদিকে ইউরোপের বাছাই পর্বে আজ রাতে ‘এ’ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও নেদারল্যান্ডস। ‘বি’ গ্রুপে পর্তুগালের প্রতিপক্ষ ফারো আইল্যান্ডস, ‘এইচ’ গ্রুপে বেলজিয়াম খেলবে জিব্রাল্টারের বিপক্ষে।








