আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির উপর থেকে চার ম্যাচের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এই সিদ্ধান্তে প্রায় সবাই খুশি হলেও মেসির মুক্তিতে হতাশ ও বিরক্ত চিলির মিডফিল্ডার আর্তুরো ভিদাল। চিলিয়ান তারকার মতে, একই অপরাধে কেউ কেউ সুবিধে পাচ্ছে। কিন্তু আইন সবার জন্যই সমান হওয়া উচিত।
চিলির বিপক্ষে সহকারী রেফারিকে ‘অশ্রাব্য’ গালি দেয়ার অভিযোগে চার ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয় মেসিকে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় আর্জেন্টিনার হয়ে খেলতে আর বাধা নেই তার।
অবশ্য নিষেধাজ্ঞা চলাকালীন মেসিকে ছাড়াই একটি ম্যাচ খেলে ফেলেছে আর্জেন্টিনা। তবে বাকি তিনটি ম্যাচে দলের সেরা তারকাকে পাচ্ছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
মেসি দলে ফেরায় আর্জেন্টিনার জন্য ভালো হলো। দলের শক্তি বাড়ল। ফুটবলের জন্যও তা ভালো। এমনটা মানছেন ভিদাল। কিন্তু মেসির ক্ষেত্রে আইন শিথিল করা হয়েছে বলে মনে করছেন তিনি। এত ‘দ্রুতই’ মেসির নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় হতাশা প্রকাশ করেন বায়ার্ন তারকা।
ভিদালের ভাষায়, ‘মেসি ফেরায় আর্জেন্টিনার জন্য ভালো হয়েছে। আমি মনে করি, গোটা ফুটবলের জন্যই ভালো। জাতীয় দলের হয়ে মেসি খেলছে, এটা দেখতেই ভালো লাগে। কারণ সেরাটাই দিয়ে থাকে। (নিষেধাজ্ঞা উঠে যাওয়ায়) তার নিজের জন্যও ভালো হয়েছে। কিন্তু ফিফার আইন সবার জন্য সমান হওয়া উচিত।’
ভিদালের হতাশার আরেকটি কারণ বিশ্বকাপ বাছাই। মেসির নিষেধাজ্ঞা তুলে নেয়ার এই সিদ্ধান্তের কারণে বিশ্বকাপ পৌঁছানোতে চিলির অসুবিধা হতে পারে। এক পয়েন্ট বেশি নিয়ে চারে থাকা চিলি পঞ্চমস্থানের আর্জেন্টিনার সঙ্গে রীতিমত যুদ্ধে রয়েছে। ১৪ ম্যাচে চিলির পয়েন্ট ২৩, সমান ম্যাচে আর্জেন্টিনার ২২।
এছাড়া মেসির মতো একই অপরাধে নিষেধাজ্ঞা মধ্যে রয়েছেন চিলির দুই খেলোয়াড় জর্জ ভাল্ডিভিয়া ও গ্যারি মিডেল। মেসির নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর এই দুজনের কথা উল্লেখ করে ভিদালের সুরে সুর মিলিয়েছেন তার সতীর্থ মরিসিও পিনিল্লা।







