গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের সঙ্গে একবার দেখা করতে চান কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা।
ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে যাওয়ায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের নাইজেরিয়াকে হারাতেই হবে।
ম্যারাডোনা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়ার কড়া সমালোচনা করেছেন। দলের বিপদের জন্য দায়ী করে ম্যারাডোনা বলছেন, ‘এই মুহূর্তে আমি একবার খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করতে চাই।’
শুধু একা নন, নিজের সঙ্গে সাবেক সতীর্থদেরও নিয়ে যাওয়ার কথা বলছেন ১৯৮৬ বিশ্বকাপের গোল্ডেন বল বিজয়ী।
‘আমরা আমাদের সম্মান রক্ষা করতে যাচ্ছি। দলের এমন অবস্থায় আমি ভেতরে ভেতরে ক্ষুব্ধ এবং হতাশ। ছেলেদের জাগাতে তাদের সঙ্গে একবার দেখা করতে চাই,’ বলছিলেন ম্যারাডোনা।
নিজ দলের প্রতিটি ম্যাচ মাঠে গিয়ে দেখছেন ম্যারাডোনা। ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের পর তাকে কাঁদতে দেখা গেছে।








