ক্যারিয়ারের পুরোটা সময় রোমাকে বিলিয়ে দিয়েছেন। একের পর এক লোভনীয় প্রস্তাবও টলাতে পারেনি ফ্রান্সিসকো টট্টিকে। যার কাছে ফুটবল এক রোমান্টিকতার নাম। একই রোমান্টিকতা আরেকজনের চোখে খুঁজে পাচ্ছেন টট্টি। সেই আরেকজন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়ককে সেরা মানছেন বিশ্বকাপজয়ী সাবেক ইতালিয়ান তারকা। বার্সা মহাতারকার সমান পাঁচবার ব্যালন ডি’অর জেতার পরও রোনালদোকে ছাপিয়ে ক্লাবের প্রতি বিশ্বস্ত থাকার কারণে রোমা কিংবদন্তির কাছে মেসিই অনন্য।
টট্টির মতে অর্থের ফুটবলে ক্লাবের প্রতি সৎ থাকাটাই এখন বিশেষ কিছু। দুবাইয়ে আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলনে দেওয়া বক্তব্যে মেসিকে সে কারণেই এগিয়ে রাখলেন ‘দ্যা কিং অব রোমা’।
‘একটা সময় ফুটবল আমার খুব পছন্দ ছিল। ফুটবলটা এখন শুধুই উন্মাদনা। আমার সময়কার ফুটবলের চেয়ে এখনকার ফুটবলের আকাশ-পাতাল পার্থক্য। আমি রোমান্টিক ফুটবল পছন্দ করি, এখনকার ফুটবল পুরোটাই ব্যবসা।’
‘এখন রোনালদো-নেইমারের মতো খেলোয়াড় আছে। নেইমারই যেমন চড়া দামের বিশেষ উদাহরণ। একজন খেলোয়াড়ের জন্য ২৫০ মিলিয়ন ইউরো খুবই বেশি। এটা বাস্তবতার বাইরে। আর যে কারণে মেসি সব সময় এক নম্বর। কেউ আবার এটা রোনালদোকে বলবেন না কিন্তু!’







