টি-টুয়েন্টি বিশ্বকাপে রাতে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ‘সুপার এইট’ মিশনে টাইগারদের জন্য মহাগুরুত্বপূর্ণ ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। গ্রুপপর্বের প্রথম দুটি ম্যাচ যুক্তরাষ্ট্রের মাঠে খেলেছে নাজমুল হোসেন শান্তর দল। কিংসটাউনের সেন্ট লুসিয়ার কন্ডিশন অনেকটাই ভিন্ন। ম্যাচের শুরুর দিকে হানা দিতে পারে বৃষ্টি।
তবে তা টাইগার-ডাচদের ম্যাচ পণ্ড হওয়ার মতো হবে না। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, স্থানীয় সময় সকাল ১০টা থেকে ১১টার মধ্যে ৫০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুরু হওয়ার কথা ম্যাচ। বাংলাদেশ সময় অনুযায়ী তা রাত সাড়ে ৮টা।
দিনের ম্যাচে আকাশ অনেকটাই মেঘলা থাকবে। ক্যারিবিয়ান দ্বীপে মেঘ-রোদের লুকোচুরি খেলা চলার সম্ভাবনাই বেশি।
বিশ্বকাপে বাংলাদেশের বোলিং দারুণ হচ্ছে। তানজিম-মোস্তাফিজদের মেঘলা কন্ডিশনে জ্বলে ওঠার অপেক্ষা এবার।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বড় দুর্ভাবনার নাম ব্যাটিং। টপঅর্ডার দাঁড়াতেই পারছে না। মিডলঅর্ডারে বারবার হাল ধরছেন রিয়াদ-হৃদয়। ব্যাটিং খারাপ হওয়ায় বোলারদের কাঁধে বাড়তি দায়িত্ব এসে পড়ছে। প্রতিপক্ষকে অল্পতে গুঁড়িয়ে দেয়ার চেষ্টায় সফল হওয়া ছাড়া উপায়ও নেই। ব্যাটারদের যে হাল, তাতে ভরসা রাখা যাচ্ছে সামান্যই!







