ব্রাজিলের বিরুদ্ধে নকআউট পর্বে মাঠে নামার আগে নেইমারের চেয়ে ফিলিপে কৌতিনহোকেই এগিয়ে রাখলেন মেক্সিকান কোচ হুয়ান কার্লোস। তার মতে নেইমার নন, ব্রাজিলের সেরা খেলোয়াড় কৌতিনহো।
নেইমার এক গোল করলেও তিন ম্যাচে দুই গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে একটি গোলও করিয়েছেন কৌতিনহো।
কার্লোস বলেন, ‘টিটের সঙ্গে কথা বলার সময়, তিনি আমাকে জিজ্ঞেস করলেন আমার বিবেচনায় তার দলের সেরা খেলোয়াড় কে? আমি উত্তর দিলাম, অন্য সবার থেকে এগিয়ে কৌতিনহো।’
‘নেইমার, উইলিয়ান ও ডগলাস কস্তাদের মতো প্রতিভাবানদের নিয়ে গড়া ব্রাজিলের আক্রমণভাগ নিয়ে কারো দ্বিধা নেই। কিন্তু আমি মনে করি, কৌতিনহোই ব্যবধানটা গড়ে দিচ্ছে। কারণ তিনি এমন একজন খেলোয়াড়; যিনি সব পজিসনেই খেলতে পারেন।’ -যোগ করেন মেক্সিকান কোচ।
পুরো ব্রাজিল দল নিয়ে পরিকল্পনা করতে হলেও কৌতিনহোকে নিয়ে চিচারিতোদের বসের আরও সংযোজন, ‘তিনি এমন একজন খেলোয়াড় যার প্রতি আমাদের আলাদা নজর রাখতে হবে এবং তিনি সত্যিই ব্রাজিল ম্যাচের জন্য গুরুত্বপূর্ণ।’
আগামী সোমবার সামারা অ্যারেনায় মুখোমুখি হবে মেক্সিকো-ব্রাজিল। এই ম্যাচে জয়ী দল শেষ আটে খেলবে বেলজিয়াম-জাপান ম্যাচের বিজয়ীদের বিরুদ্ধে।








