সফল জীবনের শেষ হলো মৃত্যুতে। ক্রিকেট দুনিয়াকে কাঁদিয়ে চিরবিদায় নিয়েছেন আধুনিক ক্রিকেটের সফলতম সংগঠক জগমোহন ডালমিয়া। তবে সেই কান্নার মাঝেও কারো জন্য হাসি, সুখের বারতা রেখে গেলেন আইসিসি’র সাবেক ও ভারতীয় ক্রিকেট বোর্ড’র তিনবারের সভাপতি। জীবন ইনিংসের শেষ পর্বে নিজের দুই চোখ দান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।
রোববার রাতে হাসপাতালে মৃত্যু’র পর তার শেষ প্রতিশ্রুতি পূরণ করেন ডালমিয়ার পরিবার। রাত ১টায় হাসপাতাল থেকে মরদেহ আলিপুরের বাসায় পৌঁছার ঘণ্টাখানেক পর ডালমিয়ার মরনোত্তর চক্ষুদান পর্ব সমাধা হয়।
শুশ্রুত নামের একটি প্রতিষ্ঠানকে নিজের চোখ দান করে গেছেন জগমোহন ডালমিয়া। এই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সঙ্গে ডালমিয়ার মেয়ে বৈশালি ডালমিয়াও জড়িত।
ক্রিকেট প্রশাসকের পাশপাশি সারাজীবন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া ডালমিয়া তার চোখ দুটি অল্পবয়সী কারো চোখে যাতে প্রতিস্থাপিত হয়, সেই আকাঙ্ক্ষার কথা আগেই জানিয়ে গেছেন তিনি।







